২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের দুর্নীতি মামলার সাক্ষ্য নেওয়া শুরু

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়া শুরু হয়েছে। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানী শেষ হয়েছে। এ সম্পর্কে আদালত বুধবার আদেশ দেবন। নাসিমের দুর্নীতি মামলায় মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা আব্দুল হাই। আদালত আগামী রোববার পর্যন্ত সাক্ষ্য নেয়া মুলতবী রাখেন। এর আগে সকালে আসামীকে কারাগার থেকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। অন্য আসামীর অনুপস্থিতিতে গত ১৯ জুন মামলাটির অভিযোগ গঠন করা হয়। ২০০২ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও এএইচএস রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকার সময় নাসিম প্রভাব খাটিয়ে ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। একই সঙ্গে একক দরদাতা হিসেবে কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানকে ওই কাজের জন্য পরামর্শক নিয়োগ করেন। এদিকে মঙ্গলবার বিকেলে বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানী শেষ হয়েছে। আদালত বুধবার অভিযোগ গঠন প্রশ্নে আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, দুর্নীতি দমন কমিশনে দেওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবে পংকজ দেবনাথ ৬৪ লাখ ৪ শ' ৮ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে সম্পত্তি অর্জন করার অপরাধে পংকজের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। অভিযোগ গঠনের বিরোধীতা করে আসামী পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার জন্যই পংকজ দেবনাথের বিরুদ্ধে এ ধরণের ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। সুতরাং তাকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। শুনানীর সময় পংকজ দেবনাথ আদালতে হাজির থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসি/১৮০৩ ঘ.