২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনাসমর্থিত' সরকারের অকুণ্ঠ প্রশংসা করলেন তোফায়েল

১১ জানুয়ারির আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার চেয়ে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সুন্দর ভবিষ্যতের দিকে দেশকে এগিয়ে নিয়ে গেলে সেটাই ভাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। রাজনীতিবিদরা এই সত্য অস্বীকার করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১১ জানুয়ারির আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার চেয়ে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সুন্দর ভবিষ্যতের দিকে দেশকে এগিয়ে নিয়ে গেলে সেটাই ভাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। রাজনীতিবিদরা এই সত্য অস্বীকার করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক বাজেট পরবর্তী আলোচনা সভায় তত্ত্ববধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের উপস্থিতিতে তিনি এ কথা বলেন। গত ১২ জানুয়ারি ফখরুদ্দিন আহমদের সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর এই প্রথম কোনো উপদেষ্টার সঙ্গে একই অনুষ্ঠানে কথা বললেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য তোফায়েল। তিনি ছাড়াও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, সাবেক সাংসদ ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, রাশেদ খান মেনন, জহিরউদ্দিন স্বপন ও জিএম কাদের আলোচনায় অংশ নেন। দেশের প্রথম অনলাইন নিউজপেপার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সৌজন্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট জাকারিয়া কাজল এতে সভাপতিত্ব করেন। তোলায়েল আহমেদ বলেন, "আমার পাশে বসা অর্থ উপদেষ্টা কখনো সরকারের একজন উপদেষ্টা হবেন তা ভেবেছেন বলে মন হয় না। পরিস্থিতিই তাকে এই পদে আসতে বাধ্য করেছে।" "আমার বিশ্বাস, প্রধান উপদেষ্টা নিজেও দেশের প্রধানমন্ত্রীর সমকক্ষ ওই দায়িত্ব পাওয়ার কথা কল্পনা করেননি। " "আমরা স্বীকার করি বা না করি, এর সবই হয়েছে রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে। রাজনীতিবিদরা এটা স্বীকার না করলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণার সামিল।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষ অভিহিত করে তোফায়েল আহমেদ বলেন, "এই সরকার যা করছে তা জাতির মঙ্গলের কথা ভেবেই করছে।" তিনি আরো বলেন, "২২ জানুয়ারি নির্বাচন হলে দেশে কী পরিস্থিতির সৃষ্টি হতো তা আমরা সবাই জানি।" "১১ জানুয়ারির আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার চেয়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে গেলে সেটাই আমাদের জন্য ভালো হবে।" বর্তমান সরকারের ভূমিকাকে 'ঐতিহাসিক' উল্লেখ করে তিনি বলেন, এই সরকার এরইমধ্যে বেশ কিছু সাফল্য দেখিয়েছে। একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য তিনি অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/জেকে/এমএইচবি/২২৪১ ঘ.