ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, "গুটি কয়েকজন নয়, দলের সকল নেতা--কর্মীদের মতামত নিয়েই সংস্কার হবে। ঘরোয়া রাজনীতি শুরু হলে এই প্রক্রিয়া শুরু করা হবে।"
তিনি বলেন,"ইতিমধ্যে আমি দলের সংস্কারের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করতে বলেছি।"
বুধবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানকে দেখার পর সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি বিশাল দল। দলের তৃণমুল পর্যায়ের নেতা--কর্মীদেরকে নিয়েই আমি সংস্কার করব। দল ও দেশের জন্য যা কল্যাণকর সেভাইে দলের সংস্কার আনা হবে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময়ই দলের যে কোনো সংস্কারের পক্ষে। বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ও মুক্তবাজার অর্থনীতি চালু করেছে। আমি ক্ষমতায় থাকাকালে দেশের প্রয়োজনে বিভিন্ন পর্যায়ে জনগণের জন্য সংস্কার করেছি।
দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করেছেন কী না এই প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, "সবার সঙ্গে আলোচনা করছি।"
তিনি পৌনে ৬ টায় হাসপাতালে আসেন এবং নজরুল ইসলামের শয্যা পাশে কিছু সময় থাকেন। তিনি এরপর পাশের কেবিনে অসুস্থ বিএনপি নেতা সুলতান আহম্মেদকেও দেখেন।
বারডেম হাসপাতাল থেকে খালেদা জিয়া ধানমন্ডির ইবনে সিনা হাসাপাতালে ভর্তি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে দেখতে যান।
বারডেম হাসপাতালে তার সঙ্গে ছিলেন দলের যুগ্মমহাসচিব সেলিমা রহামন, সহদপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ কয়েকজন নেতা।
নজরুল ইসলাম খানকে দেখতে সকালের দিকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াও বারডেম হাসপাতালে যান।
গত বুধবার আমিনীর মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা হাসপাতালে তাকে দেখতে গেলে সেখানে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএইচবি/২০০৩ ঘ.
bdnews24