ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন কমিশন এ লক্ষ্যে দূতাবাসগুলোতে ভোটার নিবন্ধন ডেস্ক খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
মঙ্গলবার দুপুরে ছহুল হোসাইন তার কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এই ডেস্ক খোলার পর প্রবাসীরা দূতাবাসে এসে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। দেশের বাইরে থাকা বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "বাংলাদেশের দূতাবাসের নিবন্ধন ডেস্কগুলোতে একজন সরকারি কর্মকর্তাকে সহকারি নিবন্ধন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে প্রবাসীদের দেয়া হবে জাতীয় পরিচয় পত্র।"
নির্বাচন কমিশনের তরফ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রথম উদ্যোগ সম্পর্কে জানাতে গিয়ে কমিশনার আরো জানান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আরো আলোচনা করে নির্বাচনী আইন 'গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২' এ সংশোধনী এনে বিষয়টি চূড়ান্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের মতো একটি বিশাল দেশে একটি দূতাবাসে এসে কীভাবে সে দেশের সব প্রবাসী ভোটার হবেন, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "প্রাথমিক পর্যায়ে আমরা এটুকুই করতে পারছি। আপাতত তাদের দূতাবাসে এসেই ভোটার হতে হবে।"
অনেক প্রবাসী অন -- লাইনে ভোটার হওয়ার বিষয়ে আগ্রহ দেখালেও নির্বাচন কমিশন তা মানতে পারছে না জানিয়ে ছহুল হোসাইন বলেছেন, " আমরা এতে রাজী নই, কারণ, এ ক্ষেত্রে 'অন -- লাইন হ্যাক' হওয়ার আশঙ্কা থেকে যায়।"
যে সব দেশে বাংলাদেশের দূতাবাস নেই, সেখানকার প্রবাসীরা কী ভাবে ভোটার হবেন? এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, "স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করে দেখবো। যে দেশে বাংলাদেশের দূতাবাস নেই, সে সব দেশের প্রবাসীদেরও আমাদের ভোটার করতে হবে।"
কমিশন ছিটমহলবাসীদেরও ভোটাধিকার দেওয়ার চিন্তা -- ভাবনা করছে বলেও জানিয়েছেন ছহুল হোসাইন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসি/১৬৫০ ঘ.
bdnews24