২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে কয়েকজন আইনজীবীর সাক্ষাৎ

সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী রোববার শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন, তার পক্ষ হয়ে আদালতে আইনি লড়াই চালাতে তারা প্রস্তুত রয়েছেন। সন্ধ্যায় সুধা সদন থেকে বের হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী রোববার শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন, তার পক্ষ হয়ে আদালতে আইনি লড়াই চালাতে তারা প্রস্তুত রয়েছেন। সন্ধ্যায় সুধা সদন থেকে বের হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা বলেন। সুধাসদনে যাওয়া আইনজীবীদের দলে ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম, সাবেক সাংসদ অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, কামরুল ইসলাম, মোহাম্মদ ইসরাফিলসহ প্রায় ১৫ জন। প্রায় দু'ঘন্টা সুধা সদনে অবস্থানের পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম জানান, তারা আওয়ামী লীগ সভানেত্রীকে সহমর্মিতা জানাতে এসেছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এবং তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞার আইনগত প্রতিকারের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, হাসিনা তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি যেনো বিদেশে যেতে না পারেন সেজন্যই মামলাগুলো করা হয়েছে বলে হাসিনা তার ধারণা ব্যক্ত করেন। মাহবুবে আলম বলেন, "আমরা ওনাকে জানিয়েছি, তিনি চাইলেই আমরা তার পক্ষে প্রতিকার চাইতে আদালতে যাবো।" কবে আদালতে যাবেন জানতে চাইলে এনায়েতুর রহিম বলেন, "সময়-সুযোগ মতো আমরা আদালতে যাব। আইনগত কৌশলের কারণেই এখন বলতে পারছি না কবে যাবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০৪৭ ঘ.