২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ আহমেদের শুল্ক ফাঁকির মামলায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত সোমবার

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানি এবং সেই মদ নিজের কাছে রাখার মামলায় অভিযোগ গঠন করা হবে কিনা তা স্থির হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানি এবং সেই মদ নিজের কাছে রাখার মামলায় অভিযোগ গঠন করা হবে কিনা তা স্থির হবে সোমবার। এ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার জন্য ব্যারিস্টার মওদুদকে রোববার আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মোহাম্মদ আজিজুল হক এ আদেশ দেন। সাবেক আইনমন্ত্রীকে আদালতে হাজির করা হয় ১১টা ৫০ মিনিটে । ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইবুনালে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার আবেদন করেন মওদুদ আহমেদের আইনজীবি খন্দকার মাহবুব হোসেন। আবেদনে বলা হয়, 'মওদুদ আহমেদকে হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে। তার কাছ থেকে এই মদ উদ্ধার করা হয়নি। এগুলো উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। উদ্ধার করা মদের অস্তিত্ব সম্পর্কে তিনি কিছু জানতেন না। এ মদ তিনি আমদানি করেননি এবং এর ওপর তার নিয়ন্ত্রণও ছিল না।' আবেদনের বিরোধিতা করে সরকার পক্ষের আইনজীবী বলেন, "মওদুদ আহমেদের শোবার ঘর এবং রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে এই মদ। এ সম্পর্কে তিনি জানতেন।" দু পক্ষের বক্তব্য শোনার পর মওদুদ আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না এ সিদ্ধান্তের জন্য আরেকদিন সময় নেন বিচারক। গত ১৩ এপ্রিল সাবেক আইনমন্ত্রীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তখন তার বাড়ি থেকে ২২০ টি ত্রাণের শাড়ি, ১৬ বোতল বিদেশি মদ এবং ৩২ ক্যান বিয়ার, বিভিন্ন চুক্তিপত্রের কাগজ এবং ব্যাংকের চেক বই জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে মদ ও বিয়ার নিজের কাছে রাখার কারণে সেদিনই বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন ওই থানার উপ -- পরিদর্শক কবির আহমেদ। পরের দিন মওদুদ আহমেদকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসি/জিএনএ/১৪৩৪ ঘ.