২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের পক্ষে নন মান্না

শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগে সংস্কারের পক্ষে নন দলটির অন্যতম সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। রোববার সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, তাকে জড়িয়ে আওয়ামী লীগে সংস্কারের জন্য কথিত কমিটি নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত খবর ঠিক নয়। এসবের মধ্যে তিনি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগে সংস্কারের পক্ষে নন দলটির অন্যতম সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। রোববার সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, তাকে জড়িয়ে আওয়ামী লীগে সংস্কারের জন্য কথিত কমিটি নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত খবর ঠিক নয়। এসবের মধ্যে তিনি নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের গঠনতন্ত্র সংস্কারের জন্য প্রস্তাব তৈরী করছেন, দুই একদিনের মধ্যে তা সভানেত্রীর হাতে তুলে দেওয়া হবে এবং এ প্রক্রিয়ার সঙ্গে মান্না জড়িত-গত কয়েকদিন ধরে সংবাদপত্রে প্রকাশিত এমন সংবাদের ব্যাপারে জানতে চাওয়া হলে মান্না নিজেকে সংস্কারের পক্ষের লোক দাবী করে বলেন,"আমি দলে সংস্কার চাই তবে সংস্কার নিয়ে কোন প্রস্তাব, প্রক্রিয়া বা কমিটির মধ্যে নেই।" প্রায় পৌনে দুঘন্টা ধরে দলের সভানেত্রীর সঙ্গে কথা বলে বেলা সোয়া একটার দিকে সুধাসদন থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন," আমি মনে করি পুরো দলেরই গণতন্ত্রায়ণ হোক। আওয়ামী লীগের যে গঠনতন্ত্র রয়েছে তা মোটামুটি পর্যাপ্ত বা সময়োপযোগী। তবে ২/৩টি ধারার সংশোধন প্রয়োজন রয়েছে।" দলে সংস্কারের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে তিনি বলেন,"জেলা বা থানা কমিটি ছাড়াও ৩০০ নির্বাচনী এলাকায় আসনভিত্তিক কমিটি গঠন করা যেতে পারে। আসনভিত্তিক কমিটি হলে জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রার্থী নির্বাচন স্বচ্ছ হতে পারে। তিনি আরো বলেন,"নেতৃত্ব নির্বাচন হতে হবে গোপন ব্যালটের মাধ্যমে। তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত একটা পদ্ধতির মাধ্যমে দলের নেতৃত্ব উঠে আসা উচিত।" দলের কেন্দ্রীয় নেতারা মিলে শেখ হাসিনার কাছে সংস্কার প্রস্তাব পেশ করবেন বলে পত্রপত্রিকায় প্রকাশিত খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,"সংস্কার নিয়ে দলে আন্দোলন শুরু হয়েছে-এমন ভাবা ঠিক হবেনা। এখন আমাদের সামনে অনেক বড় বড় সমস্যা রয়েছে। যখন ঘরোয়া রাজনীতি শুরু হবে তখন আলোচনা করেই আমাদের এক জায়গায় আসতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৪১৬ ঘ.