রাজশাহী, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঢাকা থেকে প্রিজন ভ্যানে করে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাজশাহী আনার পথে নেতা--কর্মীদের সঙ্গে মতবিনিময় ও কথা বলার সুযোগ করে দেওয়ায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ স্কোয়াডের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাজশাহী জেলার পুলিশ সুপার কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, বাগমারা থানায় জঙ্গি মদদদানের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করতে সোমবার রাতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঢাকা থেকে প্রিজন ভ্যানে করে রাজশাহী আনা হয়। আসার পথে দুলুকে বহনকারী ভ্যানটি নাটোর শহরে তার নিজের বাড়ির সামনে, গুড়পট্টি ও পশ্চিম বাইপাস মোড়ে যাত্রা বিরতি করে। এ সময় দুলু সেখানে আগে থেকেই উপস্থিত বিএনপি নেতা--কর্মীদের সঙ্গে ও মোবাইল ফোনে কথা বলেন। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটায় রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা স্কোয়াডের সদস্য হাবিলদার আশরাফুল হক, কনস্টেবল মিলন মিয়া, নূর আলম মিয়া ও মামুনুর রশিদকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার নজমুল আহমেদ সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৮২১ ঘ.
bdnews24