ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদ থেকে মাহী বি. চৌধুরী পদত্যাগ করেছেন। সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে এলডিপির ব্যর্থ হওয়াসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে তিনি সোমবার দলের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
তবে এলডিপির জাতীয় নির্বাহী কমিটির একজন সহসভাপতি বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকমকে বলেছেন, ২২ জানুয়ারি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ও দলীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল।
মাহীর পদত্যাগপত্রে বলা হয়েছে, "গণতান্ত্রিক পন্থায় আমি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ অর্জন করিনি। এজন্য দলের ভেতর গণতন্ত্র চর্চার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমি বিব্রত বোধ করছি।"
এলডিপির মিডিয়া সেলের প্রধান জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাহী বি. চৌধুরীর পদত্যাগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির সঙ্গে পদত্যাগপত্রটিও জুড়ে দেওয়া হয়।
এলডিপির একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পার্টির মহাসচিব (অব.) মেজর আবদুল মান্নানের বাসায় প্রেসিডিয়াম সদস্যদের অনানুষ্ঠানিক সভায় মাহীর বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহার ও গত নির্বাচনে মনোনয়ন দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। ওই সভাগুলোতে অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য মাহীকে দল থেকে বহিস্কারের সুপারিশ করেন।
এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি ড. ফিরোজ এম হাসান সোমবার সন্ধ্যায় মাহীর পদত্যাগ সর্ম্পকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পদত্যাগপত্রে মাহী বি চৌধুরী যে বক্তব্য উপস্থাপন করেছেন তা সঠিক নয়। তিনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হতেন তাহলে অনেক আগেই পদত্যাগ করতেন। তিনি সম্পূর্ন অগণতান্ত্রিকভাবে দলের অনেক নেতাকে বহিস্কার ও কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকলে তিনি তাদের পাশেই দাঁড়াতেন।"
ফিরোজ এম হাসান আরও বলেন, "ইতিমধ্যে একাধিক সভায় বিষয়গুলো উঠেছে। দলের নির্বাহী প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদও মাহীর বিরুদ্ধে দলীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগ করেছেন।"
জানা গেছে, রাজনৈতিক সংস্কার ও পরিবারতন্ত্র বিলোপের প্রশ্নে এলডিপি বর্তমানে দ্বিধাবিভক্ত। একটি অংশের নেতৃত্বে আছেন দলের সভাপতি বি চৌধুরী এবং অন্যটির অলি আহমেদ।
প্রচলিত রাজনীতি থেকে বের হয়ে সুস্থ ধারার রাজনীতির শ্লোগান নিয়ে ২০০৬ সালের ২৬ অক্টোবর এলডিপি গঠিত হয়। ওই বছরের ১২ ডিসেম্বর গঠন করা হয় দলের সভাপতিমণ্ডলী ও জাতীয় নির্বাহী কমিটি। বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে অলি আহমদসহ বিএনপি থেকে পদত্যাগী সংসদ সদস্য ও মন্ত্রীদের একীভূত করে এলডিপি গঠনে মাহী বি. চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/ এএল/এসএনডি/এমএইচবি/ ১৩২১ ঘ.
bdnews24