ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন বছরের বাজেট ভাল ও উন্নয়নমুখী তবে বিশাল অংকের বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারও বলেছেন এটি একটি বড় আকারের বাজেট। তিনি আরও যোগ করেন বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি।
বিএনপি ও আওয়ামী লীগ বাজেটের ওপর তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও এই দুই নেতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বাজেট নিয়ে তাদের ভাবনার কথা জানিয়েছেন। এ ছাড়া এলডিপি ও জাতীয় পার্টির দুই নেতা বাজেটকে যুগোপযোগী ও উন্নয়নমুখী অভিহিত করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
জানা গেছে, রাজনৈতিক দলুগলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে।
বিএনপির সহসভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার বলেন, "এই বাজেট ভাল ও উন্নয়নমুখী। তবে গত অর্থ বছরে তুলনায় শতকরা ২৫দশমিক ৫ ভাগ বিশাল অংকের এই বাজেট উচ্চাভিলাসী। বাজেটে মুদ্রাস্ফীতি রোধে কোনো দিকনির্দেশনা নেই। বাজেটে রাজস্ব ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে করে সরকারকে বছর শেষে ব্যাংক থেকে ঋণ নিতে হবে।"
এম কে আনোয়ার কৃষিখাতে সরকারের বাজেট পরিকল্পনাকে ইতিবাচক বলেছেন। তিনি বলেন, কৃষিখাতের কিছু ক্ষেত্রে বিশেষ করে সেচ খাতে ভর্তুকি প্রদানের বিষয়টি ইতিবাচক ও বাস্তবসম্মত। তবে কৃষি পণ্যের উৎপাদন খরচ কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বাজেটে দ্রব্যমূল্য কমানো ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায় সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য পরিস্থিতি কী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তার কেবল জিরো ক্রেডিট দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে না। এজন্য বাস্তব পদক্ষেপ প্রয়োজন।তত্ত্বাবধায়ক সরকারের উচিত ছিল দ্রব্যমূল্য ও বিদ্যুৎখাতে আরো মনোযোগী হওয়া। শিল্পে কাঁচামালের ওপর শুল্কমুক্ত সুবিধা তুলে নেওয়ার ফলে শিল্পায়নে বিরুপ প্রভাব পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি বড় আকারের বাজেট। এই বাজেট বাস্তবায়নে সরকারকে সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন এ বাজেটের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। অন্যদিকে জনগনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি।"
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল কবীর তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন বাজেট ভাল হয়েছে। যদি ভালোভাবে বাস্তবায়ন করা যায়, তবে নিঃসন্দেহে দেশের কল্যাণ হবে। দারিদ্র বিমোচন ও দ্রব্যমূল্য স্থিতিশীল লাখার জন্য সরকারকে আরও সর্তক হতে হবে। কৃষিখাতে আরও সহায়তা দেওয়া দরকার জানিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই পণ্য উৎপাদনে কৃষকদের সহায়তা করতে হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বাজেটকে সময়োপযোগী অভিহিত করে তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি ভাল ও উন্নয়নমূখী বাজেট। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুঁজিবাজারে প্রবেশের ফলে বাজার চাঙ্গা হবে, অর্থনীতি গতিশীল হবে। বাজেটে করের পরিসীমা বাড়ানোর ফলে আমাদের রাজস্ব আয় বাড়বে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এসএম/বিইউএম/এএমএইবি/২১৩৭ ঘ.
bdnews24