২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে চারজনের বেশি সুধাসদনে যেতে পারছেন না

একসঙ্গে চারজনের বেশি নেতাকর্মীকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিশ। বুধবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সুধাসদনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের উপ--পরিদর্শক গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা একসঙ্গে চারজনকে সুধাসদনে ঢুকতে দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, ০৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- একসঙ্গে চারজনের বেশি নেতাকর্মীকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিশ। বুধবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সুধাসদনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের উপ--পরিদর্শক গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা একসঙ্গে চারজনকে সুধাসদনে ঢুকতে দিচ্ছেন। এদিকে সুধাসদনে যাওয়া নিয়ে বুধবারও আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কথা কাটাকাটি হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর একটার মধ্যে সুধাসদনে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমণি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এর মধ্যেই পুলিশ ব্যারিকেডের বাইরে এসে জড়ো হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, যুব মহিলা লীগের ঢাকা মহানগরের (উত্তর) সভানেত্রী সাবিনা আক্তার তুহিনসহ ১৪/১৫ জন নেত্রী। পুলিশ তাদের সুধাসদনে ঢুকতে না দিলে সৈয়দা সাজেদা চৌধুরী ও ডা. দীপুমণি বেরিয়ে এসে তাদের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কথা জানান। সাজেদা চৌধুরী এ সময় শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে জানান, শেখ হাসিনা সবাইকে নিয়ে ভিতরে যাওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন। কিন্তু উপ--পরিদর্শক গিয়াসউদ্দিন চারজনের বেশি কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দিতে রাজি হননি। পরে সাজেদা চৌধুরী ও ডা. দীপুমণি সুধাসদন থেকে চলে গেলে চারজন করে দর্শনার্থীকে ঢুকতে দেয় পুলিশ। এ ব্যাপারে উপ--পুলিশ কমিশনার (প্ররক্ষা) আহসান হাবিব পলাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার জবাবে বলেছেন, "সুধাসদনে একসঙ্গে চার জনের বেশি ঢুকতে না দেওয়ার ব্যাপারে তার কাছে কোন নির্দেশনা নেই। তবে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের এসবি বা অন্য কোন গোয়েন্দা সংস্থা থেকে অবশ্যই এমন কোন নির্দেশ দেওয়া হয়েছে বলেই তারা তা অনুসরণ করছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এএনএস//এসইউএম/এসডি/এসএনডি/এমএইচবি/ ১৫৪০ ঘ.