ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে হাইকোর্টের স্থগিতাদেশই বহাল থাকছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে চার বিচারকের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেয়।
গত ২২ মে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছিল।
হাইকোর্টের এই আদেশ স্থগিতের জন্য করা সরকারের আবেদনের শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দিন আহমেদ। নাজমুল হুদার পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি।
গত ৮ মার্চ ধানমণ্ডি থানা পুলিশ নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র মামলাটি দায়ের করে। মমলার অভিযোগে বলা হয়েছে, ৪ ফেব্র"য়ারি নাজমুল হুদার বিডিআর গেট পিলখানার কার্যালয় থেকে যৌথবাহিনী রিভলবারের অবৈধ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ মামলায় ৮ এপ্রিল নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/কেএম/১৩৩৫ ঘ.
bdnews24