২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের বাসায় তল্লাশি, কাগজপত্র জব্দ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসায় রোববার চারঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে যৌথবাহিনী । বিকাল ৪ টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৮ টা ২০ মিনিটে অভিযান শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসায় রোববার চারঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে যৌথবাহিনী । বিকাল ৪ টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৮ টা ২০ মিনিটে অভিযান শেষ হয়। আব্দুল জলিল গুলশান ২ নম্বর সেকশনের ৫৫ নম্বর সড়কের ১৭ নম্বরের যে ছয়তলা অ্যাপার্টমেন্ট ভবনটিতে থাকেন, তল্লাশির সময় যৌথবাহিনী সেটির চারপাশে অবস্থান নিয়ে বেষ্টনি তৈরি করে। এ সময় ওই এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়। অভিযান শেষ হলে বাড়ির নিরাপত্তা প্রহরী মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, "বিকাল ৪টা ২০ মিনিটের দিকে যৌথবাহিনীর সদস্যরা বাসায় এসে অভিযান শুরু করে।" অভিযানে অংশ নেওয়া গুলশান থানার উপ পরিদর্শক মোহাম্মদ শওকত সাংবাদিকদের জানান, তদন্তের জন্য জলিলের বাসা থেকে নথিপত্র জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, জলিল গ্রেপ্তার হওয়ার পর তার বাসায় এটা ছিল দ্বিতীয় দফা তল্লাশি। গত সোমবার বিকেলে তাকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় এই বাসায় তল্লাশি চালিয়ে চারটি পাসপোর্ট ও কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যায় যৌথবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এএনএস/কেআরসি/বিআর/২০৪০ ঘ.