সিলেটের মেয়র কামরানকে আবার গ্রেপ্তার
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সোমবার মাঝরাতে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছে। সিলেটের আলোচিত কিচেন মার্কেট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ৮ মে তিনি অর্ন্তবর্তী জামিনে মুক্তি পান।
সিলেট নগরীর গুলশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
গুলশান রেস্টুরেন্টের ম্যানেজার সিবুল চন্দ্র দাশ রাত সাড়ে ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ রাত ১২ টার দিকে তিনটি গাড়িতে যৌথ বাহিনীর সদস্যরা এসে হোটেলের প্রবেশপথ থেকে মেয়রকে ধরে নিয়ে যায়।”
মেয়রের স্ত্রী আসমা কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “হোটেল গুলশান থেকে যৌথ বাহিনীর সদস্যরা আমার স্বামীকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে বা কিভাবে রাখা হয়েছে তা আমরা জানি না।”
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আমরাও মেয়রকে আটকের কথা জানতে পেরেছি। তবে তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে আমার কিছু জানা নেই।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে মেয়রকে আটকের কথা জানতে পেরেছি। এ ব্যাপারে যৌথ বাহিনীর পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।”
তবে পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “কামরানকে বর্তমানে নগরীর রাখালিয়াতে ২১ রাইফেল ব্যাটালিয়ন কার্যালয়ে রাখা হয়েছে।”
এর আগে গত ৬ এপ্রিল কামরানকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছিল। পরে ৮ মে তিনি জামিনে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পান।
