জিয়ার কবরে শর্তসাপেক্ষে ফুল দেওয়ার অনুমতি মিলেছে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে বিএনপিকে তার কবরে ফুল দেওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। তবে এই শ্রদ্ধা জানানোর সময় বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে শনিবার বিএনপির কার্যালয়ে পাঠানো এ সংক্রান্ত পত্রের প্রাপ্তি স্বীকার করেছেন দলের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
চিঠিতে বলা হয়েছে, মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে সকাল ১০টার পর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত থাকবে। তবে ফুল বা পুষ্পস্তবক অর্পণের সময়ে কোনো মিছিল-সমাবেশ, সরকারের বিরুদ্ধে কোনো প্রকার স্লোগান, সমালোচনা ও কটুক্তি, কুশপুত্তলিকা দাহ, রাস্তা বন্ধ করে রাখা, সেখানে কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে উচ্চৈঃস্বরে মাইক ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, গত ৮ মে বিএনপির পক্ষ থেকে ঢাকা মেট্রেপালিটন পুলিশ কমিশনারের কাছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে আলোচনা সভা, পরদিন সকালে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং ঢাকার কয়েকটি এলাকায় কাঙালি ভৌজ আয়োজনের অনুমতি চাওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, ‘‘শর্তসাপেক্ষে বিএনপিকে শুধু জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের অনুমতি দেওয়া হয়েছে। কাঙালি ভোজ, মাইক ব্যবহার ও রাজনৈতিক আলোচনা সভার অনুমতি দেওয়া হয়নি। ’’
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে দুইদিনের কর্মসূচি নিয়েছিল। কিন্তু শর্তসাপেক্ষে শুধু মাজার জিয়ারতের যে অনুমতি দেওয়া হয়েছে তা দূঃখজনক। তবে সরকারিভাবে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর যে কর্মসূচি নেওয়া হয়েছে সেজন্য আমি তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই।”
