ঘরোয়া রাজনীতি চালু হলে আগের পরিস্থিতি ফিরবে কিনা দেখতে হবে: মইনুল
ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে অনেক কিছুই বিবেচনায় রাখতে হবে। বর্তমান সরকার যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল, সে ধরনের পরিস্থিতি আবারও আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন এ কথা।
তিনি বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম দিকে ঘরোয়া রাজনীতি চালু ছিল। তখন রাজনৈতিক দলগুলো এর অপব্যবহার করেছে। এমনকি মিছিল মিটিংও করেছে; যা কোনভাবেই ঠিক হয়নি।”
উপদেষ্টা বলেন, “যে ধরনের দলীয় রাজনীতির কারণে দেশে সঙ্কট সৃষ্টি হয়েছিল, দেশে জরুরি অবস্থা এসেছিল; ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করার আগে সেগুলো বিবেচনা করতে হবে।”
বর্তমান সরকার যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলো সে ধরনের পরিস্থিতি আবারও আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো কী সংস্কার করবে তা সুস্পষ্টভাবে বলছে না। তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। আচার আচরণে পরিবর্তন আনতে হবে।”
তবে সার্বিক বিষয় বিবেচনায় এনে সরকার ঘরোয়া রাজনীতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান ব্যারিস্টার মইনুল।
