ভোটার তালিকার পরীক্ষামূলক কাজ শুরু ১০ জুন
ছবিসহ ভোটার তালিকার পরীক্ষামূলক কাজ আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায়। এ সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্রও বিতরণ করা হবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, “তিন সপ্তাহ ধরে চলা এই প্রকল্পে ১৬ থেকে ২০টি ইউনিট কাজ করবে। প্রতিটি ইউনিটে থাকবেন চারজন কর্মী। এতে বাজেট ধরা হয়েছে ২৫ লাখ টাকা।” তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রে বসেই তথ্য সংকলন কাজ চলবে। তবে ফরমগুলো ভোটারদের বাড়ি বাড়ি বিতরণ করার পর সেগুলো আবার সংগ্রহ করা হবে।”
পরীক্ষামূলক এই প্রকল্প সম্পর্কে সাখাওয়াত হোসেন জানান, বাড়ি বাড়ি গিয়ে ফরম বিতরণ করে তা সংগ্রহ করবেন নির্বাচন কর্মকর্তারা। একই ফরম থেকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য নেওয়া হবে। কম্পিউটারে এই তথ্য সংরক্ষণের কাজ করবেন শিক্ষার্থীরা। এছাড়া প্রযুক্তি, নিরাপত্তা ও তদারকি-- এই তিন ক্ষেত্রে সহযোগিতা দেবে সেনাবাহিনী।
সঠিক ভোটার চিহ্নিত করতে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনসাধারণকে ভোটার হতে নিরুৎসাহিত করলে দোষী ব্যাক্তিকে জরিমানা করার পাশাপাশি সর্বোচ্চ একবছর কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।”
সাখাওয়াত হোসেন আরও জানান, কেউ বাড়িতে না থাকলে তথ্যসংগ্রহকারীরা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তার ব্যাপারে তথ্য নেবেন। তবে পরে কীভাবে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সেটি প্রকল্প পরিচালকরা ঠিক করবেন।
পরীক্ষামূলক এই প্রকল্প থেকেই নির্বাচন কমিশন সারাদেশে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কর্মপদ্ধতি নির্ধারণ করবে। এ জন্য নিয়োজিত থাকবে ১২ হাজার ইউনিট। এই প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা। আর পুরো কাজ শেষ করতে ১৮ মাস বা দেড় বছর সময় লাগবে।
কমিশন মনে করছে, সারাদেশে এবার ভোটারের সংখ্যা হবে প্রায় সাড়ে সাত কোটি।
