২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম সময়ে নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ দেশে দ্রুততম সময়ে সংসদ নির্বাচন দেখতে চায়। পাশাপাশি তারা নির্বাচন পদ্ধতির উন্নয়নও আশা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ইইউ এর তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই মনোভাবের কথা জানান।

ইইউ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্টিফেন ফ্রোয়েন। এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

দেড় ঘন্টার বৈঠক শেষে স্টিফেন ফ্রোয়েন সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। আর আমরা ২০০৮ সাল শেষ হওয়ার আগেই যত দ্রুত সম্ভব নির্বাচন করার বিষয়ে সরকারকে উৎসাহিত করছি।”

ইইউ কোনো নির্দিষ্ট সময়সীমার ভেতর নির্বাচন দাবি করছে কি না জানতে চাইলে তিনি বলেন, “নির্দিষ্ট সময়সীমার কথা কর্তৃপক্ষ বলেছেন। ২০০৮ সাল শেষ হওয়ার আগেই যদি নির্বাচন হয়, তাহলে আমরা খুশি হবো। তবে আমরা জোর দিচ্ছি, নির্বাচন পদ্ধতি উন্নয়নের ওপর।”

ইইউ দলপ্রধান জানান, ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হওয়ার আগে ওই নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইইউ এর পক্ষ থেকে এ দেশে বিদেশি পর্যবেক্ষক দল পাঠানোর কথা ছিল। এজন্য তারা কমিশনকে দিয়েছিলেন বেশ কিছু সুপারিশ। আগামী নির্বাচনেও ইইউ বিপুল সংখ্যায় পর্যবেক্ষক পাঠাবে।

ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য কীভাবে কমিশনকে আর্থিক  সহায়তা করা যায়, ইইউ তার উপায় খুঁজে দেখছে বলেও জানালেন স্টিফেন ফ্রোয়েন। এই খাতে কমিশনের বাজেট হচ্ছে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা।