ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা চর্চাই বড় দুটি দলে সংস্কারের প্রধান বাধা: মুজাহিদুল ইসলাম সেলিম
দেশের প্রধান দুটি রাজনৈতিক দলে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা চর্চাই দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারের প্রধান বাধা বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তার মতে, প্রধান দুই দলের নেত্রীদের কাছে কুক্ষিগত ক্ষমতা বিলোপ করার জন্যই এখন সংস্কারের কথা বলা হচ্ছে। শনিবার দুপুরে কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতার কার্যালয়ে নফহবংি২৪.পড়সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলো মধ্যে গণতন্ত্রের চর্চার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “দলগুলোর ভেতর সংস্কারের প্রধান অন্তরায় এক ব্যক্তির সর্বময় ক্ষমতা। দুটি বড় দলই এই একই রোগের শিকার। এজন্য দলগুলোর অভ্যন্তরীণ রীতিনীতিই দায়ী।”
সংস্কারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দুই ধরনের সংস্কার হতে পারে। একটি এগিয়ে নিয়ে যাওয়ার সংস্কার। অন্যটি পিছিয়ে যাওয়ার সংস্কার। অতীতে সামরিক শাসকরা কেবল তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিভিন্ন সংস্কারের কথা বলেছে। কিন্তু এবারের সংস্কার এগিয়ে যাওয়ার জন্য হলে সিপিবি তাকে স্বাগত জানাবে।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বর্তমান সরকার জনগণের আশা--আকাক্সক্ষার প্রতিফলন। তাই বলে চাপিয়ে দেওয়া সংস্কার ঠিক হবে না। জনগণের সম্মতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী হবে না। এছাড়া অর্থনীতি ও রাষ্ট্রনীতিতে প্রকৃত সংস্কার না করা হলে সংকট থেকেই যাবে।”
অর্থনৈতিক ও সামাজিক অবস্থার সংস্কারই বেশি প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, এসব ক্ষেত্রে সংস্কার করতে পারলে রাজনীতিতেও সংস্কার হবে।
কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, “আমাদের দেশ ভক্তিবাদের দেশ। মানুষ সব সময় কাউকে না কাউকে উপাসনা করে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা ও ব্যক্তি পূজা পরিহার করতে হবে।”
সিপিবিতে গণতন্ত্রের চর্চা সম্পর্কে তিনি বলেন, বিগত সাতটি সম্মেলনে দলের পুরো কমিটি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। পরে কেন্দ্রীয় কমিটির সদস্যরা ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। শুধু তাই নয়, দলের নীতি নির্ধারণও হয় সম্মেলনে সবার সিদ্ধান্ত।
আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা আছে দাবি করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন সিপিবির সব আর্থিক লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে।
