দেশে এখন দমবন্ধ করা পরিস্থিতি: শেখ হাসিনা
রাজনৈতিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নেই বলে একটি শ্বাসরূদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে।
২৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির সুধা সদনে দলের কেন্দ্রীয় নেতাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শেখ হাসিনা এসব কথা বলেন।
হাসিনা বলেন, “দেশে আর কোনো রাজনৈতিক অধিকার নেই। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। দমবদ্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলছে।”
আওয়ামী লীগ প্রধান বলেন, আন্দোলন, সংগ্রাম শেষ হয়নি। আন্দোলন--সংগ্রাম আছে এবং চলবে। যতদিন মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন সংগ্রাম চলবে।
তার ভাষায় “আমার একটাই চাওয়া এদেশের মানুষ উন্নত ও সুন্দর জীবন পাক।”
দলের নেতৃত্বের প্রসঙ্গে হাসিনা বলেন, “আমি দলের নেতৃত্ব চাই না, এর প্রতি আমার আকর্ষণ নেই। দেশের জনগণের যে ভালোবাসা আমি পেয়েছি সেটাই আমার সম্বল। প্রয়োজনে আমি আমার বাবার মতো বুকের রক্ত দেব দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করার জন্য।”
আবেগজড়িত হাসিনা বলেন, “আমি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করেছি।”
১৯৮১ সালের ১৭ মের ঘটনা মনে করেন হাসিনা, তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান তাকে দেশে আসতে দিতে চাননি। ১৯৭৫ সালের ৩০ জুলাই যখন তিনি বিদেশ যান তখন মা--বাবা--ভাইবোন সবাই ছিল। ১৯৮১ সালের ১৭ মে যখন আমি দেশে ফিরে এলাম সেদিন দেখেছি লাখ লাখ মানুষের ঢল। কিন্তু আমার পাশে আমার স্বজনরা ছিল না। বনানী গোরস্থানে গিয়ে দেখলাম আপনজনের সারি সারি কবর। আপনজনকে হারিয়ে দেশের জনগণকেই আপন করে নিয়েছি আমি। গত ২৬ বছরে আমার একটাই লক্ষ্য দেশের মানুষের সাংবিধানিক ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ফেব্র“য়ারি মাসে আমার অনুপস্থিতিতেই দলের নেতাকর্মীরা আমাকে সভানেত্রী নির্বাচিত করেন।
এর আগে সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিমসহ দলের অন্য কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে হাসিনাকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের আনা মিষ্টি দিয়ে সাংবাদিকসহ অন্যদের মিষ্টিমুখ করানো হয়।
