খালেদা জিয়া কার স্ত্রী তা মুখ্য নয়: বিএনপি
বিএনপির যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র নজরুল ইসলাম খান দলে পরিবারতন্ত্র চলছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়ে বলেছেন, খালেদা জিয়ার সংগ্রাম ও সাফল্যের ইতিহাস অগ্রাহ্য করে শুধুমাত্র তিনি কার স্ত্রী এ পরিচয়কে মুখ্য করে পরিবারতন্ত্রের কথা বলাটা দুরভিসন্ধিমূলক ও অগ্রহনযোগ্য। দলে পরিবারতন্ত্র বলতে কিছু নেই।
রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর-কে তিনি বলেন, “ গত কয়েকদিন ধরে দলের সিনিয়র কয়েকজন নেতা রাজনৈতিক দলের সংস্কার কার্যক্রম সর্ম্পকে কথা বলতে গিয়ে দলে পরিবারতন্ত্রের যে অভিযোগ তুলেছেন-তা সঠিক নয়।
নজরুল ইসলাম খান বলেন, “ খালেদা জিয়ার নেতৃত্বেই দলের ভেতরে সংস্কার কার্যক্রম হবে। ঘরোয়া রাজনীতি বন্ধের কারণে এই কার্যক্রম বন্ধ রয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ খালেদা জিয়া আত্মীয়তার সুবাদে দলের নেতৃত্বে আসেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের চরম দুঃসময়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে নেতারা অনুরোধ করে তাঁকে নেতৃেত্ব নিয়ে আসেন।
“ এরপর দীর্ঘ ৯ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দিয়ে তিনি দেশনেত্রী হয়েছেন। ১৯৯১-২০০১ সাল পর্যন্ত ৪টি সংসদ নির্বাচনে তিনি প্রতিবারই পাঁচটি আসনে বিজয়ী হয়ে দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে জনগনের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বেই বিএনপি সারাদেশে জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সর্ম্পকে বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, তিনিও একটি প্রক্রিয়ার মাধ্যমে দলের নেতৃত্বে আসীন হয়েছেন। তিনিও দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের ঐতিহ্য নিয়ে দলকে পরিচালিত করছেন। শুধু তিনি কার কন্যা এ পরিচয়টা মূখ্য করে সেই দলে পরিবারতন্ত্র চলছে বলাটাও সঠিক নয়।
তবে নজরুল ইসলাম খান বলেন, “ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ও শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা-এ পরিচয় অত্যন্ত মর্যাদাপূর্ন। শুধুমাত্র ওই পরিচয়ে তাঁরা পরিচিত নন, নিজেদের যোগ্যতা ও দীর্ঘ সংগ্রাম-আন্দোলনের সাফল্যে আজ একটি মর্যাদাকর অবস্থানে উপনীত হয়েছেন-এটা ভুলে গেলে চলবে না।”
বিএনপির যুগ্মমহাসচিব দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সর্ম্পকে এক প্রশ্নের জবাবে বলেন, তারেক রহমান দলীয় দায়িত্ব লাভের অনেক আগের থেকে দলের যেকোনো কর্মকতার চেয়ে বেশি কাজ করেছেন। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা, নির্বাচনের দলের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব তিনি পালন করে দলের কর্মী-সমর্থকদের আস্থা অর্জন করেছেন।
