দলই হাসিনাকে প্রধান করেছে: জলিল
শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব স্বেচ্ছায় নেননি। আওয়ামী লীগের স্বার্থেই দলের ঐক্য বজায় রাখার জন্য শীর্ষপদে তাকে আনা হয়েছে।
তার নেতৃত্বই দলকে ভাঙ্গনের হাত থেকে বাঁচিয়েছে। তাই সংস্কার করতে হলে হাসিনাকে প্রধান রেখেই করা হবে। হাসিনার প্রধান প্রতিপক্ষ খালেদা জিয়ার নেতৃত্বের বিরুদ্ধে এবং পরিবারকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে বিএনপির শীর্ষপর্যায়েই নানা মন্তব্য ওঠার প্রেক্ষাপটে এমনটিই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। (আরও তথ্যসহ)
রোববার দুপুরে রাজধানীর দিলকুশায় নিজের মালিকানাধীন মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি আব্দুল জলিল বলেন, “আমি জোর গলায় দাবি করছি, আমাদের দলে গণতন্ত্রের চর্চা আছে।”
খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি পাল্টা মন্তব্য করেন, “যে দলে গণতন্ত্রের চর্চা নেই, সে দলের সভানেত্রী নিজের ভাইকে দলের সহ-সভাপতি মনোনয়ন দিয়েছেন।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা নিজে না চাইলেও ১৯৮১ সালে তার অনুপস্থিতিতেই নেতাকর্মীরা তাকে দলের সভানেত্রী নির্বাচিত করেছিলেন। এখনও দলে যদি সংস্কার হয় তা শেখ হাসিনার নেতৃত্বেই হবে।”
আব্দুল জলিল বলেন, “আমি সন্ত্রাসী, কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের দল থেকে বের করে দেব। কিন্তু অন্য দলগুলোকেও একই কাজ করতে হবে। সবাইকে কথা দিতে হবে, তারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না।”
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে আইন করে দুর্নীতিবাজদের মনোনয়ন দেওয়া বন্ধ করার ওপর জোর দেন তিনি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসী, কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের মনোনয়ন দেবে না দবি করে তিনি বলেন, “দলগুলোর ভেতর চেতনার উদয় না হলে সেখানে গণতন্ত্রের চর্চা শুরু হবে না।”
শনিবার রাতে এনটিভিকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে জলিল বলেন, “সাইফুর রহমান সাহেব অনেক দেরিতে এ কথাগুলো বলেছেন। তাদের অনেকেরই এখন বোধোদয় হবে। তারা নিজেরাই দলের অপকর্মের কথা এখন তুলে ধরবেন।”
