সাঈদ এস্কান্দারকে সহ সভাপতি করা ঠিক হয়নি: ড. ওসমান ফারুক
খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারকে বিএনপির সহ সভাপতি নিয়োগ করা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতা ড. ওসমান ফারুক। বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের মধ্যে এখন আর পরিবারতন্ত্র দেখতে চায়না বলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি।
শনিবার গুলশানে নিজ বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যখন দলে সংস্কারের কথা উচ্চারিত হচ্ছে সেই সময়ে এই নিয়োগ প্রশ্নসাপেক্ষ। চেয়ারপার্সন যে কাউকে নিয়োগ দিতে পারেন, গঠনতন্ত্র তাকে সেই ক্ষমতা দিয়েছে। আমি সাঈদ এস্কান্দারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। কেবল নিয়োগ প্রক্রিয়া ও সময় সর্ম্পকে বলছি। আমার মত হচ্ছে-দিস টাইমিং ইজ ব্যাড। ’’
সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি দলীয় সাবেক সাংসদ ড. ওসমান ফারুক আরও বলেন, ‘‘বাংলাদেশের মানুষ এখন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবারতন্ত্র দেখতে চায় না। বিএনপিতে সংস্কার জরুরি। দুনীতিবাজ প্রমাণ হলে যে কারো বিরুদ্ধে দলকে শক্তহাতে ব্যবস্থা নিতে হবে।’’
রাজনৈতিক দলের মধ্যে চলমান পরিবারতন্ত্র সর্ম্পকে তিরি আরও বলেন, “মানুষ এখন গণতন্ত্র চায়। পরিবারের হাত ধরে রাজনীতিতে আসার প্রবণতা কেবল বাংলাদেশে নয়; ভারত, পাকিস্তানেও আছে। বিএনপি, আওয়ামী লীগ, এলডিপিতে এর নজির রয়েছে। তবে এই পরিবারতন্ত্র মানুষ ভাল চোখে দেখছে না। ভারত, পাকিস্তানেও এর অবস্থা নাজুক।”
সম্প্রতি সংস্কারের পক্ষে প্রকাশ্যে কথা বলে ওসমান ফারক দলে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিশ্বব্যাংকের সদর দপ্তরে দীর্ঘদিন দায়িত্বপালন করা এই অর্থনীতিবিদ মনে করেন, সময়ের প্রয়োজনে বিএনপিতে এখন সংস্কারের কোনো বিকল্প নেই। দলের গঠনতন্ত্র, নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, জেলা কমিটির নেতা নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনতে হবে। দলের যেকোনো স্তরে নেতৃত্ব নির্বাচনে থাকতে হবে কর্মী-সমর্থকদের মতামতের প্রতিফলন। তা না হলে দলের ভেতরে গ্রুপিং বা দ্বন্দ্ব কোনোটাই শেষ হবে না।
দলে সংস্কার কেনো প্রয়োজন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসাধারণের মানসিকতার পরিবর্তন এসেছে। নেতা-কর্মীরা সংস্কার চায়। দল পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। যোগ্য, সৎ ও পরীক্ষিতদের নির্বাচিত করতে দলের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। প্রতিটি স্তরে নেতা নির্বাচনে একটি স্বচ্ছ ব্যবস্থা চালু করতে হবে। যেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিয়ে কর্মীদের মধ্যে কোনো প্রশ্ন না ওঠে।
পেশী শক্তি ও কালো টাকার প্রভাবে যা ইচ্ছা তা-ই করার চলমান ধারা বদলানোর ওপরও তিনি জোর দেন। ওসমান ফারুক নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমি কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ ছিলাম। বেশি টাকা খরচ করে আমার পক্ষে সাংসদ হওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন সাংসদ হতে হলে প্রচুর অর্থের মালিক হতে হয়।
খালেদা জিয়া সংস্কার চান কিনা প্রশ্ন করা হলে সাবেক শিক্ষামন্ত্রী ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া একজন জনপ্রিয় নেত্রী। সময় বলে দেবে ম্যাডাম কীভাবে সংস্কার কর্মসূচি শুরু করবেন। জরুরি অবস্থার কারণে দেশে রাজনীতি নিষিদ্ধ রয়েছে। ঘরোয়া রাজনীতিও নেই। এজন্য সবকিছুই বন্ধ হয়ে আছে।
দুর্নীতিবাজদের ব্যাপারে তার বিএনপি চেয়ারপার্সনের অবস্থান ব্যাখ্যা করে ড. ফারুক বলেন, দলের ভেতরে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বিচারে তারা দোষী প্রমাণিত হলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন।
খালেদা জিয়ার নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে কিনা জানতে চাইলে ওসমান ফারুক বলেন, গৃহবধূ থেকে খালেদা জিয়া রাজনীতিতে এসেছেন। তিনি একজন ‘ক্যারিশমেটিক লিডার’। এটাই তার বড় শক্তি। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ব্যাপকতা ও জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে হলে তাকে সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। সময়ের প্রয়োজন এর কোনো বিকল্প নেই।
সাবেক শিক্ষামন্ত্রী জঙ্গি দমনে খালেদা জিয়ার সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিগত পাঁচ বছর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতসহ আইনশৃঙ্খলা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। একইসঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কার্যক্রমকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
