২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার মওদুদ আহমেদ ও কাজী জাফরউল্লাহ হাসপাতালে

সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লা আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

উপ-মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সকালে পৌনে ১২টায় তাদের প্রিজন ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়েছে। মওদুদ সাহেবের রক্তচাপ জনিত জটিলতা ও জাফর সাহেবের কানে ব্যথার কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।”

এর আগে গত ৭ মে ব্যারিস্টার মওদুদকে পিজি হাসপাতালে নিয়ে দুইদিন রেখে চিকিৎসা করা হয়েছিল বলে উপ-কারা মহাপরিদর্শক জানান।

গত ১৩ এপ্রিল সকালে গুলশানের বাসা থেকে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। একই দিন বিকালে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

আওয়ামী লীগের নেতা কাজী জাফরউল্লাকে ১৮ এপ্রিল রাত আটটায় তার গুলশানের নিজ বাসা থেকে জরুরি ক্ষমতা বিধিমালা ১৬ (২) ধারায় গ্রেপ্তার গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বাহিনী।

গ্রেপ্তারের পর থেকে ওই দুই নেতাকে কারাগারে পাঠানো হয়।