২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুদ্দীনের সরকারের চার মাস

ড. ফখরুদ্দীন আহমদ এর তত্ত্বাবধায়ক সরকার চার মাস পূর্ণ করেছে শনিবার। এর একদিন আগেই পূর্ণ হয়েছে দেশে জরুরি অবস্থা ঘোষণার চার মাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 11:11 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ভাষণে ফখরুদ্দীন আহমদ বলেছেন, ২০০৮ সাল শেষ হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন করতে চায় সরকার।

গত বুধবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এক সাক্ষাৎকারেও প্রধান উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের এ সময়কে যথাযথ ও প্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেন। দৃঢ়তার সঙ্গে তিনি জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখাই তার সরকারের লক্ষ্য। দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার ওপর কোনো ধরনের চাপই তার সরকার আরোপ করেনি বা করতে চায়ও না।

রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে জরুরি অবস্থা জারি করেন ১১ জাুনয়ারি। এর একদিন পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. ফখরুদ্দীন আহমদ।

দেশের ইতিহাসে অন্যতম আলোচিত এ সরকারের শাসনামল দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বহুমুখী পরিবর্তন সূচিত করেছে। বিশেষ করে দুর্নীতির অভিযোগে বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা এ সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। পাশাপাশি একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগও লক্ষ করা যাচ্ছে।

তবে সব কিছু ছাপিয়ে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাবেক দুই প্রধানমন্ত্রীর বিষয়ে সরকারের দোদুল্যমান অবস্থান। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়া এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ সম্পর্কে নানামুখী আলোচনা দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার অবশ্য ঘোষণা দেয়, দুই নেত্রীকে দেশের বাইরে পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। দায়িত্ব নেওয়ার সময় অবাধ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করে স্বল্পতম সময়ে নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এই তত্ত্বাবধায়ক সরকার। একইসঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করেন তারা।

শপথ নেওয়ার নয় দিন পর ২১ জানুয়ারি জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে। এ প্রসঙ্গে তিনি একটি নির্র্ভুল ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র এবং স্বচ্ছ ব্যালট বাক্সের কথাও উল্লেখ করেন।

প্রথম নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করে নতুন উদ্যমে কাজ শুরুর পদক্ষেপ নেওয়া হয়। পরে অবশ্য ফখরুদ্দীন আহমদ ২০০৮ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। নির্বাচন বিলম্বিত হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সরকারের সমালোচনা এবং দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকারের চারমাসের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, সব সরকারের সাফল্য ব্যর্থতা থাকে। বর্তমান সরকারের অনেক সাফল্যের পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। তবে এই সরকারের মূল কাজ নির্বাচন দ্রুত সম্পন্ন করা।

নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারা পদত্যাগ করেন। ওইসব পদে আবার নতুন নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনকে দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত করতে কমিশন এখন ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগুচ্ছে।

একইভাবে দুর্নীতি দমন কমিশনেও নতুন করে নিয়োগ দেয় সরকার। দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা দুর্নীতি দমন কমিশন বেশ সচল হয়ে ওঠে এই সময়ে। গ্রেপ্তার হওয়া দুর্নীতিবাজদের বিচার করতে সরকার বিশেষ টাস্কফোর্স কাজ করছে। সংসদ ভবন প্রাঙ্গণে বিশেষ আদালতে দুর্নীতির বিচার কাজ শুরু হয়েছে।

পাশাপাশি দুর্নীতিবাজ রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের ধরতে শুরু হয় অভিযান। আর তাতে ধরা পড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নেতা-কর্মীরাও।

এছাড়া প্রশাসন, ব্যাংকসহ সেবাখাত দুর্নীতিমুক্ত করতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। এরই মধ্যে মেয়াদ শেষ হওয়ায় সরকারি কর্মকমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে সরকার।

বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার দীর্ঘদিনের কাজটিও প্রায় চূড়ান্ত করে আনছে ড. ফখরুদ্দীন আহমদ সরকার।

দায়িত্ব গ্রহণের সময় সুষ্ঠু ও যথাযথ নির্বাচন অনুষ্ঠান এর সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে সারাদেশে শুরু হয় ব্যাপক অভিযান। সেই অভিযানে অবশ্য এখন ভাটা পড়েছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় বর্তমান সরকার। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের পক্ষ থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়। তারপরও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়নি। উল্টো জ্বালানি তেলের দাম আরও একদফা বাড়ানোয় মূল্যস্ফিতি বেড়েছে।

বিদ্যুতের লোডশেডিং কমিয়ে আনতে সরকার স্থায়ী ও অস্থায়ী পরিকল্পনা নিয়েছে। তাতে অবশ্য খুব বেশি সাফল্য আসেনি। বিদ্যুৎ খাতের বিশৃঙ্খল অবস্থার কারণে সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, সরকারকে বিদ্যুৎ উৎপাদন ও ঘাটতির সঠিক হিসাব দেন না কর্মকর্তারা। বিগত সরকারের বিদ্যুৎ খাতের দুর্নীতির মামলা উঠেছে সিঙ্গাপুরে আর্ন্তজাতিক আদালতে। অসাধু কর্মকর্তারা বিদেশি সংস্থাকে ক্ষতিগ্রস্ত করায় এই সরকারকেই গুণতে হতে পারে বিপুল অংকের ক্ষতিপূরণ।

সার সঙ্কট নিরসণে মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী দিয়ে জেলায় জেলায় সার পৌঁছানোর ব্যবস্থাও করে সরকার। খুলনায় চারটি পাটকল বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের তীব্র আন্দোলন মোকাবেলা করতে হয় সরকারকে।