২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা করতে ক্যাম্প বসানো হতে পারে

বাড়ি বাড়ি গিয়ে নয়, ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য ক্যাম্প করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এ জন্য এক-একটি এলাকায় ক্যাম্প স্থাপন করে ভোটারদের সেখানে আসতে বলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 02:54 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ছবি তোলাসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে এই ক্যাম্পেই।

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি মে মাসেই কমিশন পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করবে। একই সঙ্গে কম্পিউটারে ডাটা বেজে করা হবে জাতীয় পরিচয়পত্রের কাজ। এ জন্য নির্বাচন কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলেও একটি এলাকার ভোটারদের ছবি তোলা, বৃদ্ধাঙ্গুলের ছাপ নেওয়াসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে নির্ধারিত ক্যাম্পেই। সেখানেই নানা ভুল-ত্রুটি সংশোধন করা হবে। ভোটার তালিকা ও পরিচয়পত্রের কাজ শুরু করার আগে এলাকায় করা হবে ব্যাপক মাইকিং।

ছহুল হোসাইন বলেন, “তবে ছবিসহ ভোটার তালিকার তৈরির জন্য পরামর্শকদের পরামর্শ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করতে গেলে আমরা হয়তো নির্ধারিত দেড় বছরে পুরো কাজ করতে পারবো না। তাছাড়া প্রতিবেশী ভারত ও নেপালেও ক্যাম্প করেই এ ধরনের ভোটার তালিকা করা হয়েছে।”

ছবিসহ ভোটার তালিকা হচ্ছে বলে এটি হবে একটি নির্ভুল ভোটার তালিকা। আর এর গ্রহণযোগ্যতাও থাকবে অনেক বেশি। উপরন্তু সঠিক ভোটার চিহ্নিত করতে এই কাজে স্থানীয় জন প্রতিনিধিদের সহায়তা নেওয়া হবে বলেও জানালেন তিনি।

ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে কি না-জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, “ঘরোয়া রাজনীতি শুরু না হওয়ায় এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া যাচ্ছে না। আমরা এ জন্য ঘরোয়া রাজনীতি শুরু হওয়ার অপেক্ষা করছি। তবে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আমাদের কাছে এ বিষয়ে তাদের ইতিবাচক মতামত দিয়েছেন। গণমাধ্যমেও ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের পক্ষে তাদের মতামত এসেছে। এ নিয়ে তো কোনো বিতর্ক থাকার কথা নয়!”

এদিকে বৃহস্পতিবার কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন, ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে সেনা বাহিনীর প্রযুক্তিগত ও লোকবলের সহায়তা নেওয়া হবে। তবে মূল কাজটি করবে নির্বাচন কমিশন।