খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করলেন সেলিমা রহমান
খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।
এর মধ্য দিয়ে ছয় দিন পর ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের কোনও সিনিয়র নেতা সাক্ষাতের সুযোগ হল।
সেলিমা রহমান সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা নেত্রীর সঙ্গে আলাপ করেন। সাক্ষাতের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তিনি (খালেদা জিয়া) দলের নেতা-কর্মীদের খোঁজ-খবর জানতে চেয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন।
সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, “নেত্রী ভালো আছেন।”
এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহতাব উদ্দিন ওই বাসভবনে যান এবং কিছু সময় অবস্থান করেন।
প্রসঙ্গত, গত শনিবার সেলিমা রহমানসহ তিনজন মহিলা সাংসদ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে অনুমতি না পেয়ে বাসভবনের গেট থকে ফিরে আসেন।
