তারেকের জামিন আবেদনের শুনানি ১৪ জুন
দুটি চাঁদাবাজি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তারেক রহমানের জামিন আবেদনের শুনানি হবে ১৪ জুন।
এছাড়া একই আদালতে দুটি হত্যা মামলায় অভিযুক্ত সাবেক পূর্তমন্ত্রী মীর্জা আব্বাসের জামিন আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে ১৮ জুন।
বৃহস্পতিবার সকালে বিচারক মো. মমিনউল্ল¬াহর কাছে চারটি পৃথক মামলায় তারেক রহমান ও মীর্জা আব্বাসের পক্ষে জামিনের আবেদন করা হলে গ্রহণযোগ্যতার শুনানি শেষে ওই দরখাস্তগুলোর মূল শুনানির জন্য তারিখ দুটি ধার্য করেন তিনি।
তারেক রহমানের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলা একটিতে রেজা কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মো. আফতাবউদ্দিন এক কোটি ৩২ লাখ টাকা এবং অপরটিতে মার্শাল ডিস্টিলারিজ লিমিটেডের মালিক হারুন ফেরদৌসী ৮০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেন।
ইতিমধ্যে আফতাবউদ্দিন এর দায়ের করা মামলায় মামুনের জবানবন্দী অনুসারে তারেক রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। মামুন জানান, ওই ৮০ লাখ টাকার ভাগ নিয়েছেন তারেক রহমান।
অন্যদিকে মীর্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৫ সালের ১৯ ডিসেম্বর শাহজাহানপুর রেলওয়ে কলোনির অফিসার্স ক্লাবে এক বিয়ের অনুষ্ঠানে গুলি চালিয়ে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে এবং ২০০৪ সালের ২৮ মার্চ শাজাহানপুর ঝিল মসজিদ পুকুর পাড়ের পাশে আরিফ মোর্শেদ নামে অপর এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মতিঝিল থানায় মামলা দুটি হয়।
