রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার দিনক্ষণ অনিশ্চিত
সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের কবে মতবিনিময় করবে তা এখনো অনিশ্চিত।
মাসখানেক আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সরকারের কাছে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েই সংশোধিত আইন অধ্যাদেশ আকারে প্রকাশ করা হবে। তবে কবে ঘরোয়া রাজনীতি শুরু হচ্ছে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেরি হলে কমিশন দলগুলোর মতামত নিতে অন্য কোনো বিকল্পের কথা ভাবছে কি না-প্রশ্ন করলে সচিব বলেন, “এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।”
প্রসঙ্গত, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সম্প্রতি বলেছেন ঘরোয়া রাজনীতির ওপর থেকে শিগগির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না।
হুমায়ুন কবির বলেন, “নির্ভুল ভোটার তালিকা করার জন্যই সেনা সদস্যদের সহায়তা নেওয়া হচ্ছে। তাদের দক্ষ জনবল কাজে লাগালে দ্বৈত ভোটার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, এছাড়া কাজটিরও গ্রহণযোগ্যতা থাকবে।”
নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সংস্কার করার পাশাপাশি ছবিসহ ভোটার তালিকা করার জন্য কমিশনকে ১৯৮২ সালের ভোটার তালিকা অধ্যাদেশও সংস্কার করতে হবে বলেও তিনি জানান।
