২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত নির্বাচিত কেন্দ্রীয় কমিটি

নিবন্ধিত হতে হলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব নির্বাচিত কেন্দ্রীয় কমিটি থাকতে হবে। নির্বাচন কমিশন এমনই একটি নতুন শর্ত আরোপ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন কমিশন কার্যালয়ে তার কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “যারা নির্বাচনে যাবেন, তারা নিজেরা নিজ দলের ভেতর নির্বাচিত কি না, তা জানার গণতান্ত্রিক অধিকার জনগণের আছে। এ কারণেই এ শর্ত দেওয়া হচ্ছে। দলগুলোর নির্বাচিত কেন্দ্রীয় কমিটির তালিকা কমিশনে জমা দিতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়েও দলগুলোর কমিটি থাকতে হবে। এসব কমিটি সম্পর্কে কমিশনকে লিখিতভাবে জানাতে হবে। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুসরণ করে দলের ভেতরেও তারা গণতান্ত্রিক চর্চা করছে কি না আমরা তা দেখতে চাই।”

এছাড়া ছাত্র সংগঠনসহ কোনো পেশাজীবী সংগঠন রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন হতে পারবে না, এমন একটি শর্তও নিবন্ধনের ক্ষেত্রে আরোপ করা হবে। এ শর্তের বিষয়টি আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “আমরা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাচ্ছি, বিষয়টি এ রকম নয়। এদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য যথেষ্ট পুরনো।”

১৯৭৬ সালের ‘পলিটিক্যাল পার্টিজ অ্যাক্ট’-এ দলগুলোর পেশাজীবী সংগঠন থাকার কথা বলা হয়েছে; তাই নিবন্ধনের এই শর্তটি আইনের সঙ্গে বিরোধপূর্ণ হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, “সরকার যদি মনে করে আইনটি বাতিল করতে হবে, তাহলে তারা তা করবেন।”

ঘরোয়া রাজনীতি শুরু হলে আইন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে-এ কথা মনে করিয়ে দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “আমরা যা কিছুই করি না কেনো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেই করবো।”

মাস খানেক আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সরকারের কাছে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানালেও কবে নাগাদ ঘরোয়া রাজনীতি শুরু হবে সে বিষয়ে সরকার এখনো কমিশনকে কিছু জানায়নি বলেও জানান তিনি।

কমিশনের প্রস্তাবিত সংস্কার আইনে এবারই প্রথম নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। এতে দলগুলোকে তাদের তহবিলের উৎস ও আয়-ব্যয়ের হিসাব জানানোর কথাও বলা হয়েছে।

সাখাওয়াত হোসেন আরো বলেন, কমিশনের পাঁচজন পরামর্শক ছবিসহ নতুন ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র ও ই-গভর্নেন্স কাঠামোর প্রকল্প প্রস্তাব তৈরি করছেন। আর মাঠ পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সেনা বাহিনীর কাছ থেকে প্রযুক্তি সহায়তা নেওয়া হবে।