ব্রিটিশ এয়ারওয়েজের কাছে ক্ষতিপূরণ চেয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ
শেখ হাসিনাকে বহন না করায় ১০ লাখ পাউন্ড ক্ষতিপুরণ দাবি করে লন্ডনে ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়া না হলে শেখ হাসিনা ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করবেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের লিগ্যাল একশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক বৃহস্পতিবার উকিল নোটিশটি পাঠান। এতে বলা হয়েছে, যখন সারা জাতি শেখ হাসিনার অপেক্ষায় ছিল তখন ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বহন না করায় তিনি দেশে ফিরতে পারেননি।
শুক্রবার লন্ডনে সংবাদ সম্মেলনে সামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, শেখ হাসিনার সম্মতি নিয়েই তিনি মামলাটি পরিচালনা করছেন। এর আর্থিক ও আইনি সহায়তার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের লিগ্যাল একশন কমিটি গঠন করা হয়েছে।
লন্ডনে ব্রিটিশ এয়ারওয়েজের সদর দপ্তরে ব্যবস্থাপনা পরিচালকের কাছে উকিল নোটিশে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজ বোর্ডিং কার্ড না দিয়ে শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে হেয় করেছে। দেশে ফিরতে না পারায় বাংলাদেশে আদালত তার বিরুদ্ধে একটি মামলায় পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দলের নেতৃত্বে বিভিন্নভাবে শুন্যতার সৃষ্টি হওয়ায় ক্ষতি হয়েছে। তাছাড়া এই ঘটনায় তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতির পরিমাণ ১০ লাখ পাউন্ড স্টার্লিং বা প্রায় ১৪ কোটি টাকা।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, যাত্রী বহনের ক্ষেত্রে কোনো দেশের ইমিগ্রেশন নিষেধ করলে এয়ারওয়েজ সংস্থা তা শুনতে পারে। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন শেখ হাসিনাকে দেশে প্রবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কেবল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে ব্রিটিশ এয়ারওয়েজকে এই নিষেধাজ্ঞার কথা জানায়। কিন্তু বিদেশি এয়ারওয়েজকে যাত্রী পরিবহনে নিষেধ করার কোনো এক্তিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নেই।
নোটিশে আরও বলা হয়, গত ২২ এপ্রিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে দেশে ফেরার জন্য হিথ্রো বিমানবন্দরে গেলে পাসপোর্ট ও বিমান টিকিট ঠিক থাকলেও ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দেয়নি। ব্রিটিশ এয়ারওয়েজ কতৃপক্ষ বিমানবন্দরে শেখ হাসিনাকে জানিয়ে দেয় তাকে বহন করলে বাংলাদেশ সরকার তাদের বিমান ঢাকায় অবতরণ করতে দেবে না।
ব্রিটিশ এয়ারওয়েজ কেন তাকে বহন করতে অস্বীকৃতি জানিয়েছে তার কারণ জানতে চেয়ে শেখ হাসিনার পক্ষে তার ভাতিজী টিউলিপ সিদ্দিকার চিঠির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজের ফেসিলিটেশন ম্যানেজার জেমস সি ফরস্টার ২৩ এপ্রিল এক ব্যাখ্যায় বলেছে, শেখ হাসিনাকে বোর্ডিং পাস না দেওয়া প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ১৮ এপ্রিল ব্রিটিশ এয়ারওয়েজকে লিখিতভাবে জানিয়েছে যে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের চিঠিতে আরও বলা হয়েছে, জেনারেল কন্ডিশন অব ক্যারেইজ ফর প্যাসেঞ্জার এন্ড ব্যাগেজ আইনের ৭ ধারা অনুযায়ী কোনো যাত্রী যে দেশে যাচ্ছেন সেদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ঢুকতে না দিলে ওই যাত্রীকে বহন করতে বিমান কর্তৃপক্ষ অস্বীকার করতে পারে। কিন্তু নিজ দেশে কোনও নাগরিককে বহন করা যাবে না এমনটি ৭ ধারার কোথাও উল্লেখ নেই। শেখ হাসিনা নিজ দেশে ফিরতে গিয়ে এমন বাধার সম্মুখীন হয়েছেন যা ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীসেবার শর্তাবলীতে পড়ে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে এখন আইনের শাসন চলছে। আইন লঙ্ঘনকারীদের কিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার কোনো আইন বাংলাদেশে নেই।
