২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের গ্রামের বাড়ির মালামাল ক্রোক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের গ্রামের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার সকাল ১১টায় কুমিল্লার চান্দিনা থানা পুলিশের একটি দল মহিতাইল ইউনিয়নের ছাতাট্টায় তার গ্রামের বাড়িতে অভিযান চালায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ঢাকার উত্তরা থানায় মাদক দ্রব্য আইনের মামলায় আদালতের নির্দেশে এই অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের মধ্যে আছে, কাঠের চেয়ার, টেবিল, খাট, ইলেকট্রিক ফ্যান, বেঁতের মোড়া এবং একটি লোহার আলনা।

রেদোয়ান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “ আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছি গত বৃহস্পতিবার। সর্ম্পূণ উদ্দেশ্যমূলকভাবে আমার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। আমার বিরুদ্ধে আনীত মামলাটি উদ্দেশ্যমূলক।”

জরুরি অবস্থা ঘোষণার পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রেদোয়ান আহমেদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে। পরে এব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

দীর্ঘদিন বিএনপি করার পর গত বছরের ২৭ অক্টোবর তিনি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কর্ণেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে নতুন দল এলডিপিতে যোগ দেন।