২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি মেলেনি

দেশে জরুরি অবস্থার কারণে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দলকেই মে দিবসের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:31 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তবে শ্রমিকদের জাতীয় সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে (স্কপ) সীমিত আকারে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজসহ (বিলস) বিভিন্ন শ্রমিক সংগঠন ছোট আকারে আলোচনা সভার আয়োজন করেছে বলে জানা গেছে।

স্কপ-এর সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, আমরা ডিএমপি’র কাছে র‌্যালি ও সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু আমাদের কেবল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা করার অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের সভাপতি ও বিএনপির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা পুলিশ কমিশনারের কাছে মে দিবসের কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে পাইনি। ফলে এবার শ্রমিক দলের কোনো কর্মসূচি থাকছে না।”

তবে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি না থাকলেও স্কপের কর্মসূচি রয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, জরুরি অবস্থার জন্য অনুমতি পাওয়া যায়নি বলে এবার মে দিবস উপলক্ষে দলের কোনো কর্মসূচি নেই।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম জানান, রাজনৈতিক দলের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা থাকায় তারাও এবার মে দিবসে কর্মসূচি পালন করতে পারছেন না। তবে তারা স্কপের কর্মসূচিতে অংশ নেবেন।