জামিন পেলেন মেয়র কামরান
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন কামরানকে দুর্নীতি মামলায় দুই মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না সরকারকে তা জানাতে বলেছে আদালত।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে মেয়রের পক্ষে জামিনের আবেদন করেন সিনিয়র অ্যাডভোকেট মাহবুব আলম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও এ এম আমিনউদ্দিন।
২০০৩ সালে দায়ের করা কিচেন মার্কেট দুর্নীতি মামলায় গত ৬ এপ্রিল মেয়র কামরানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এদিকে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়েও সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজনসহ পাঁচজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে।
অসীম উকিলের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী অপু উকিলের দায়ের করা আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
অসীম কুমার উকিলকে গত ১৮ এপ্রিল গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার সিএমএম আদালত। ২২ এপ্রিল আবার বিশেষ ক্ষমতা আইনে তাকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। তিনি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
