২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে দেশের বাইরে থেকে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া: সাঈদ ইস্কান্দার

প্রয়োজনে দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। তবে তিনি সরকারি চাপে দেশের বাইরে যাচ্ছেন কিনা তা ফিরে না আসা পর্যন্ত মন্তব্য করা যাবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 03:13 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দার শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে এসব কথা বলেন।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি থেকে বের হয়ে সাঈদ ইস্কান্দারের বারিধারার বাসায় যান। সেখান থেকে ফেরার পথে তিনি সাংবাদিকদের জানান, ওমরা করতে সৌদি আরব যাচ্ছেন।

সাঈদ ইস্কান্দার চ্যানেল ওয়ানকে বলেন, “ এতে দলের নেতৃত্বে কোন সমস্যা হবে না। প্রয়োজনে তিনি দেশের বাইরে থেকে নেতৃত্ব দেবেন।”

তিনি আরো বলেন, খালেদা জিয়া চরম সংকটময় সময় পার করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে এ সংকট দূর করবেন তিনি।

দলের মহাসচিব আবদুল মান্নান ভূইয়া এবং আ স ম হান্নান শাহের সাম্প্রতিক বিবৃতিতে দলে কোন কোন্দল হবে না বলে দাবী করেন তিনি।

তিনি বলেন, “ দলের কমিটি আগের মতোই থাকবে।”

এ মুহূর্তে দলে তার বড় কোন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নেই বলেও খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার চ্যানেল ওয়ানকে জানান।