একই দিনে বিদেশ গেছেন শীর্ষ তিন আওয়ামী লীগ নেতা
একই দিনে বিদেশে গেছেন আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। শুক্রবার মধ্যরাতে তার সঙ্গে একই ফ্লাইটে সিঙ্গাপুর যান তোফায়েল আহমেদ।
শুক্রবার সকালে ব্যাংকক গিয়েছেন আবদুর রাজ্জাক।
আবদুল জলিলের পারিবারিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল জলিল ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রেহানা জলিল তার সঙ্গে গিয়েছেন। সেখানে শারীরিক পরীক্ষার পর ১ মে তিনি ঢাকায় ফিরে আসবেন।
এদিকে আবদুল জলিলের অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বর্তমানে তিনি কারাগারে থাকায় দলের অপর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
