খালেদা জিয়াকে দলের অবস্থা জানালেন মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার সন্ধ্যায় সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দলের বর্তমান অবস্থা তাকে অবহিত করেছেন।
সন্ধ্যা সোয়া সাতটায় তিনি খালেদা জিয়ার বাসভবনে যান। দলের চেয়ারপার্সনের সঙ্গে ৪৫ মিনিটের এই একান্ত সাক্ষাৎকালে অন্য কোনো নেতা উপস্থিত ছিলেন না।
সাক্ষাতের পর রাত আট টায় গুলশানের বাসায় ফিরে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এই সাক্ষাত ছিল মূলত কুশল বিনিময়ের। নেত্রী আমার কাছে সারাদেশের সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মীদের সম্পর্কে জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি তাকে অবহিত করেছি।’’ খালেদা জিয়া দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি তার জন্য দোয়া করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিএনপি মহাসচিব জানান।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র নজরুল ইসলাম খান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য মইনুল সড়কের বাসভবনে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয়। বাধা দেওয়ায় তিনি ফিরে যান।
জরুরি অবস্থা ঘোষণার পর মান্নান ভূঁইয়া এ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাক্ষাৎ করলেন। জরুরি অবস্থা ঘোষণার তিনদিন পর তিনি প্রথমবারের মতো দেখা করেছিলেন।
খালেদা জিয়ার চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে বুধবার জারি করা প্রেস নোটের পর তিনি চেয়ারপার্সনের সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাত করলেন।
এছাড়া শুক্রবার দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) জেড এ খান খালেদা জিয়ার বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
