অন্যায় বুঝতে পেরে সরকার হয়তো সিদ্ধান্ত বলেছে: হাসিনা
শেখ হাসিনা বলেছেন, তাকে দেশে আসতে না দেওয়ার বিষয়টি যে অন্যায় ও অসাংবিধানিক তা বুঝতে পেরেই হয়তো তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত বদলেছে।
বৃহস্পতিবার রাতে লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ কথা বলেন।
‘তত্ত্বাবধায়ক সরকার যা যা করছে তা দেশের জনগণ সমর্থিত’-তত্ত্বাবধায়ক সরকারের এ বক্তব্যের ব্যাপারে মতামত চাওয়া হলে বিবিসিকে শেখ হাসিনা বলেন, “ জরুরি আইনের কারণে দেশে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। এ অবস্থায় সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে জনগণ তাদের মনোভাব প্রকাশ করতে পারছে না। সুতরাং সরকারের সব কাজকেই যে তারা সমর্থন দিচ্ছে তা কীভাবে বোঝা গেল?”
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ২০০৮ সালের শেষভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়সীমার ব্যাপারে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, এটা অনেক বেশি দেরি হয়ে গেল।
সরকার প্রেসনোট দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে আবার তা প্রত্যাহার করার পেছনে কী কারণ থাকতে পারে-প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, “ দেশি-বিদেশি মিডিয়ার চাপ আর দেশের জনগণের সমর্থন এ ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে। তাছাড়া আমাকে দেশে আসতে না দেওয়ার বিষয়টি যে অন্যায় ও অসাংবিধানিক তা বুঝতে পেরেই হয়তো তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত বদলেছে।”
দেশে ফিরলেই হত্যা ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের আশঙ্কার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ হাসিনা বলেন, “এগুলো সবই সাজানো ও মিথ্যা মামলা। বিএনপি-জামায়াত সরকারও আমার বিরুদ্ধে এ ধরনের মামলা দেয়নি। অথচ তত্ত্বাবধায়ক সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো।”
