তারেক রহমানের সঙ্গে স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎ
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
তবে অনুমতি না পাওয়ায় তারেকের সঙ্গে দেখা করতে পারেনি মেয়ে জাইমা রহমান।
বুধবার বিকাল বিকাল তিনটা ২১ মিনিটে তারেকের স্বজনরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢোকেন। চারটা ১৫ মিনিটে কারাগার থেকে বেরিয়ে একটি জিপে চড়ে তারা চলে যান।
এসময় অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তারা কোনও কথা বলেননি।
উপমহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “নিয়মানুযায়ীই তারা (তারেকের স্ত্রী ও শাশুড়ি) দেখা করেছেন। সাক্ষাতের সময় একজন ডেপুটি জেলার এবং পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।”
তারা আধঘন্টা তারেকের সঙ্গে কথা বলেন বলে জানান মেজর শামসুল হায়দার সিদ্দিকী।
তিনি বলেন, তারেক রহমান সুস্থ রয়েছেন।
