২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে না

শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আপাতত কোনো মামলা হচ্ছে না। তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ এখন সরকারের কাছে নেই। তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ারও কোনো পরিকল্পনা করছে না সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও এম এ মতিন সাংবাদিকদের এসব কথা জানান।

আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তার গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দুই নেত্রীকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কোনো উদ্যোগ সরকারের নেই।

মইনুল বলেন, দেশে এখন রাজনৈতিক সংস্কার ও দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এ অবস্থায় কোনো নেতা-নেত্রী যদি মামলা, জেল অথবা জরিমানার ভয়ে দেশত্যাগ করতে চান, তা ভিন্ন কথা। তবে সরকারের পক্ষ থেকে তাদের ওপর এ ধরনের কোনো চাপ নেই।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গেপ্তার ও ছেড়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা যেতেই পারে। তবে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাকে ছেড়েও দেওয়া যেতে পারে।

এদিকে একই কথা বলেছেন যোগাযোগ উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন। সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, দুই নেত্রীর বিরুদ্ধে আপাতত কোনো দুর্নীতির মামলা দায়ের করা হবে না। তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ সরকারের কাছে নেই।

আরাফাত রহমান কোকোসহ খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর ব্যাপারে সমঝোতার কথা নাকচ করে দিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে এ ধরনের কোনো সমঝোতা হয়নি। দেশের বাইরে যেতে চাইলে তারা নিজেরাই যেতে পারেন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো চাপ বা পরিকল্পনা নেই।

আরাফাত রহমানের দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই জানিয়ে উপদেষ্টা মতিন বলেন, তাকে কিছু তথ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। টাস্কফোর্সের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।

খালেদা জিয়া ও আরাফাত রহমানের সঙ্গে তারেক রহমানকেও মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠানোর গুজব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তার বিরুদ্ধে মামলা রয়েছে। অবশ্য তার মামলার ব্যাপারে মঙ্গলবার উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ীই সরকার কাজ করবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৩ এপ্রিল দেশের ফেরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আছে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, তিনি নিজেই বিদেশে গেছেন, আবার নিজ থেকেই ফিরে আসবেন। এতে সরকারের কোনো বাধা নেই। কোনো রাজনীতিকের দেশের বাইরে যেতে বা ফিরে আসতে কোনো বাধা নেই।