২৩ এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা
শেখ হাসিনা ২৩ এপ্রিল দেশে ফিরবেন। বিদেশি একটি সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে খবরটি দেয় বেসরকারি টেলিভিশন এটিএন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “২৩ এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।”
চাঁদাবাজির মামলা দায়েরের পর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন হাসিনা। সেসময় উপদেষ্টা এম এ মতিনের অনুরোধে হাসিনা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সরকারের পক্ষ থেকে গত বুধবার হাসিনা ও জলিলের সঙ্গে যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন টেলিফোনে কথা বলেন। তিনি হাসিনাকে তার সফর সংক্ষিপ্ত না করার অনুবোধ করেন। একই সঙ্গে যোগাযোগ উপদেষ্টা আশ্বস্ত করেন যে, হাসিনার ভাবমূর্তি ও সম্মান যেন ক্ষুন্ন না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে।
সেদিন রাতেই জলিল তার গুলশানের বাসভবনে এ বিষয়টি সাংবাদিকদের জানান।
জলিল বলেন, “মিথ্যা মামলার মোকাবেলা করার উদ্দেশ্যে শেখ হাসিনা দেশে ফেরার পুর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে ১৪ ই এপ্রিল ঢাকা আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রেক্ষিতে আজকে (বুধবার) সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব আমার ও শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন না করার অনুরোধ করেছেন। একই সঙ্গে আশ্বস্ত করেছেন যে, শেখ হাসিনার সম্মান ও ভাবমূর্তি যেন ক্ষুণœ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শেখ হাসিনা বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তার গ্রেপ্তার হওয়া নিয়ে দেশব্যাপী গুঞ্জন সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের কাছে স্বীকার করেন, বিদ্যমান আইনে শেখ হাসিনাকে গ্রেপ্তারের সম্ভাবনা ছিল।
এক্ষেত্রে বর্তমান আইন সংশোধনে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
একইদিন যোগাযোগ উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এমএ মতিন আশ্বস্ত করেন, চাঁদাবাজির মামলায় তদন্ত শেষে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণের আগে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে না।
যোগাযোগ উপদেষ্টা একই সঙ্গে বলেন, মামলা দায়েরের কারণে চিকিৎসার্থে দেশের বাইরে থাকা শেখ হাসিনার দ্রুত দেশের ফেরার কোন প্রয়োজন নেই। তবে তিনি নিজের ইচ্ছায় যেমন দেশের বাইরে গেছেন, তেমনি নিজের ইচ্ছাতেই দেশে ফিরতে পারেন। এতে সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই।
