২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি হত্যা মামলায় হাসিনা ও নিজামীর বিরুদ্ধে অভিযোগপত্র

খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আগের দিন পল্টনে ১৪ দলের নেতাকর্মী, জামায়াত-শিবির ও পুলিশের তিনমুখী সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি দুই মামলায় ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 11:34 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

২৮ অক্টোবরের ওই ঘটনায় দায়ের করা এ দুই মামলার অভিযুক্তদের মধ্যে আছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আবদুল জলিল, জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু প্রমুখ।

মামলাটির এজাহারে শেখ হাসিনার নাম উল্লেখ ছিল না। অভিযোগপত্রে তাকে ৩১ নম্বর আসামি হিসেবে পলাতক উল্লেখ করা হয়।

গোয়েন্দা শাখার কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি অভিযোগপত্র গ্রহণেরই শুনানি হবে ২২ এপ্রিল। কঠোর গোপনীয়তার মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দুটি মামলারই অভিযোগপত্র দাখিল করা হয়।

১৪ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্রে মোট ৪৬ জনকে এবং জামায়াতের বিরুদ্ধে অভিযোগপত্রে ৪৫ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে।

অভিযোগপত্র দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, যে ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়েছে সে ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত বছরের ২৮ অক্টোবরের পর রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়। তারা আইনগতভাবে এই মামলা মোকাবেলা করবেন।

হাসিনাসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

গত বছর ২৮ অক্টোবর পল্টনে ১৪ দলের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে এক শিবির কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১৪ দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে ২২ এপ্রিল। পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এনামুল হকের দেওয়া এ অভিযোগপত্রে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

পল্টন থানা জামায়াতে ইসলামীর আমীর এ টি এম সিরাজুল হক ২৯ অক্টোবর এ মামলা দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞতানামা হিসেবে সহস্রাধিককে আসামি করা হয়।

অভিযুক্ত অন্য নেতাকর্মীরা হলেন, আবদুল জলিল, মোহাম্মদ নাসিম, মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাহারা খাতুন, হাজী মোহাম্মদ সেলিম, ডা. এইচ বি এম ইকবাল, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

নিজামীসহ ১০ জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

আমীর মতিউর রহমান নিজামীসহ জামায়াতে ইসলামীর ১০ নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় অভিযোগপত্রটিও দিয়েছে গোয়েন্দা পুলিশ। এই অভিযোগপত্রেরও শুনানি হবে ২২ এপ্রিল।

গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক একেএম ইদ্রিস হোসেন বুধবার মূখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন। এতে বলা হয় প্রাথমিক তদন্তে অভিযুক্তদের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

মামলার অন্য অভিযুক্তরা হলেন, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, মকবুল আহমেদ, এ টি এম আজহারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, এ টি এম সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহিদ হোসেন ওরফে জাহিদুর রহমান এবং শিশির মনির।

গত বছরের ২৮ অক্টোবর ছাত্র মৈত্রীর সদস্য রাসেল আহমেদ খানকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনার জন্য জামায়াত ও শিবিরের ১০ নেতা-কর্মীকে দায়ী করে ৩০ অক্টোবর মামলা করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান।