ফখরুদ্দীন সরকারের বয়স এখন তিন মাস
দেশে জরুরি অবস্থা ঘোষণার তিন মাস হয়ে গেল। এর পাশাপাশি বৃহস্পতিবার ৯০ দিন পূর্ণ করছে ড. ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির একদিন পর গত ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. ফখরুদ্দীন আহমদ।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত সময়কাল হিসেবেই চিহ্নিত হয়ে থাকছে সরকারের এই সময়টা। বিশেষ করে দুর্নীতি বিরোধী অভিযানে অনেক রাজনৈতিক নেতা, গ্রেপ্তার ছিল এ সময়কার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। পাশাপাশি সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগও লক্ষ করা যায়। যে বিষয়গুলো রাজনৈতিক সরকারের সময় ছিল উপেক্ষিত।
দায়িত্ব নেওয়ার সময় অবাধ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করে স্বল্পতম সময়ে নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ হিসেবে নেয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। একই সঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করে তারা।
শপথ নেওয়ার নয় দিন পর ২১ জানুয়ারি জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে তার সরকার। এ প্রসঙ্গে তিনি একটি নির্র্ভুল ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র এবং স্বচ্ছ ব্যালট বাক্সের কথাও উল্লেখ করেন।
প্রথম তিন মাসে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করে নতুন উদ্যমে কাজ শুরুর পদক্ষেপ নেওয়া হয়।
বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারদের পদত্যাগের পর নতুন করে নিয়োগ দেওয়া হয়। নির্বাচনকে দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত করতে কমিশন এখন ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগুচ্ছে।
একইভাবে দুর্নীতি দমন কমিশনেও নতুন করে নিয়োগ দেয় সরকার। দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা দুর্নীতি দমন কমিশন বেশ সচল হয়ে ওঠে এই সময়ে।
পাশাপাশি দুর্নীতিবাজ রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের ধরতে শুরু হয় অভিযান। আর তাতে ধরা পড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নেতা-কর্মীরাও।
এছাড়া প্রশাসন, ব্যাংকসহ সেবা খাত দুর্নীতিমুক্ত করতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ।
বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার দীর্ঘদিনের কাজটিও প্রায় চূড়ান্ত করে আনছে ড. ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন এই তত্ত্বাবধায়ক সরকার।
দায়িত্ব গ্রহণের সময় সুষ্ঠু ও যথাযথ নির্বাচন অনুষ্ঠান এর সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে সারাদেশে শুরু হয় ব্যাপক অভিযান।
দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় বর্তমান সরকার। একই সঙ্গে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের পক্ষ থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়।
বিদ্যুতের লোডশেডিং কমিয়ে আনতে সরকার স্থায়ী ও অস্থায়ী পরিকল্পনা নিয়েছে। সার সঙ্কট নিরসনে সার মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী দিয়ে জেলায় জেলায় সার পৌঁছানোর ব্যবস্থাও করে সরকার।
সরকারের তিনমাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের কাছে জানতে চাইলে তিনি সে ভার জনগণের ওপর ছেড়ে দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণই মূল্যায়ন করবে এই সরকার তাদের জন্য কিছু করতে পারছে কিনা। আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে প্রত্যেকটি সমস্যা সমাধান করতে।”
স্থানীয় সরকার উপদেষ্টা আরও জানান, ভোটার তালিকাসহ নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, একই সঙ্গে স্থানীয় সরকার পর্যায়ে যেসব স্থানে নির্বাচনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেসব জায়গায় নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্যেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
