২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল অলি ও ওসমান ফারুকের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব) অলি আহমেদ এবং বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ম্যান ব্রিট এস আনন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 08:31 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

মার্কিন এই কূটনীতিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন সংস্কার ও দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিএনপি, আওয়ামী লীগ ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন। এরই অংশ হিসেবে রোববার তিনি কর্নেল অলি ও ড. ওসমান ফারুকের সঙ্গে বৈঠক করেন। এর আগে শনিবার তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের সঙ্গেও বৈঠক করেন।

এসব বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।

রোববার বিকেলে কর্নেল অলির অলির ডিওএইচএসের বাসভবনে এক ঘণ্টা স্থায়ী বৈঠকের পর সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি আনন্দ। তবে তার সঙ্গে আসা আমেরিকান দুতাবাসের সেকেন্ড সেক্রেটারি লিউক জাহনার সাংবাদিকদের বলেন, “এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। বিভিন্ন বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি।”

অলি আহমেদ সাংবাদিকেদের বলেন, “আমরা সবাই কেমন আছি তা জানতে চেয়েছেন তারা।”

এরপর গুলশানের বাসায় ওসমান ফারুকের সঙ্গে বৈঠকে ম্যান ব্রিট এস আনন্দ তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন।

বৈঠকের পর ওসমান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কিন কূটনীতিক দেশের বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে চেয়েছেন। বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, দেশে একটি গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন সংস্কারসহ রাজনৈতিক দলগুলোর সংস্কারের উদ্যোগে সবার শরিক হওয়া উচিত। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারেও আমরা আমাদের ইতিবাচক অবস্থানের কথা বলেছি।’’

এর আগে শনিবার বিকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন ম্যান ব্রিট এস আনন্দ।

এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল সাড়ে চারটায় আমার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ হয়। সে সময় কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, “দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”