চট্টগ্রাম মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে র্যাব
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে র্যাব--৭ এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্নীতি কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, মেয়রকে বুধবার মধ্যরাতে তার চশমাহিলের বাসভবন থেকে আটকের পর র্যাব--৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে মেয়রকে সেখানে জিজ্ঞাসাবাদ করেন র্যাবের কর্মকর্তারা।
র্যাবের স্টাফ অফিসার এএসপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর মেয়রকে রাতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তদন্তে মেয়রের বিরুদ্ধে চাক্তাই খাল খনন, চট্টগ্রাম চলচ্চিত্র নির্মাণ, দামপাড়া সিএনজি স্টেশন স্থাপন, ওষুধ কারখানা স্থাপন, রুট প্লান্টের মাধ্যমে রাস্তা উন্নয়ন, সিটির ময়লা নিষ্কাশন, মা ও শিশু তহবিল সংক্রান্ত টেন্ডার, পাজেরো গাড়ি ক্রয়ে অনিয়ম এবং ব্যাপকহারে দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়রের বিরুদ্ধে পত্রিকায় টেন্ডার বা বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া সিটি এলাকায় দোকান বরাদ্দে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
তাছাড়া মেয়রের বিরুদ্ধে বন্দরে ডক শ্রমিক ও কর্মকর্তাদের জিম্মি করে জনসাধারণের শান্তি--শৃঙ্খলায় ব্যাঘাতের অভিযোগও আনা হয়।
