চাঁদাবাজির মামলায় তারেকের জামিনের শুনানি ১৯ মার্চ
দ্রুত বিচার আইনে দায়ের করা চাঁদাবাজির মামলায় তারেক রহমানের চার দিনের রিমান্ড শেষ হয়েছে সোমবার বিকাল পাঁচটায়। এ মামলায় তারেকের জামিন আবেদনের শুনানির দিন আগামী ১৯ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন নাকচের পর সোমবার দুপুর ১টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তারেকের আইনজীবীরা তার জামিন প্রার্থনা করেন। বিচার মো. মমিন উল্লাহ এটি গ্রহণ করে জামিন শুনানির জন্য আগামী ১৯ মার্চ দিন নির্ধারণ করেন।
আদালতে তারেকের আইনজীবীরা তাকে দেশি--বিদেশি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। পাঁচদিনের মধ্যে দ্বিতীয় দফা জামিনের আবেদনে তারেকের অসুস্থতার কথাও বলা হয়।
আবেদনে বলা হয়, তারেক রহমান খুবই অসুস্থ। তার পায়ে ড্রেসিং করতে হয়। তাই তার জামিন পাওয়া জরুরি।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার বাদী ঠিকাদার আমিন আহম্মেদ চাঁদাবাজির সময় উল্লেখ করেছেন গত ৩০ ডিসেম্বর ও ৪ জানুয়ারি। আর মামলা করেছেন ৮ মার্চ। অথচ গত ৪ জানুয়ারিতে তারেক রহমানের দল ক্ষমতায় ছিলো না। তখন ছিলো তত্ত্বাবধায়ক সরকার। কাজেই ঐ সময়ে বাদীর কাছে চাঁদা চাওয়ার কাহিনী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
জামিন আবেদনে আরো বলা হয়, তারেক রহমান দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। বাদীর চেক পাওয়া, চেক দিতে যাওয়া এবং পরবর্তীতে অন্য লোক দিয়ে টাকা পাঠানোর গল্প সম্পূর্ণ বানোয়াট।
জামিন আবেদনের প্রাথমিক শুনানিতে অংশ নেন রেজাক খান, সানাউল্লাহ মিয়া, ফজলুর রহমান খান প্রমূখ আইনজীবী।
সানাউল্লাহ মিয়া নফহবংি২৪.পড়স কে বলেন, আদালতে তারেক রহমানের পক্ষে অন্তবর্তী সময়ের জন্য জামিন চাওয়া হয়নি।
সাত মার্চ গভীর রাতে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরদিন রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২---এর ৪ ধারায় চাঁদাবাজির মামলা দায়ের করেন মোঃ আমিন আহম্মেদ।
ওইদিন রাতে তারেককে আদালতে হাজির করার পর জামিন চাওয়া হলে তা নাকচ করে তাকে চার দিনের রিমাণ্ডে পাঠানোর আদেশ দেন ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত।
