২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকে সাম্প্রদায়িকতামুক্ত করার দাবি ১১ দলের

আইন করে নির্বাচন সাম্প্রদায়িকতামুক্ত করার দাবি জানিয়েছে ১১ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 05:56 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

১১ দল নেতা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায়।

পরে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, “আমরা কমিশনকে বলেছি, নির্বাচনকে শুধু সন্ত্রাস বা কালো টাকামুক্ত করা নয়, আইন করে একে সাম্প্রদায়িকতামুক্ত করতে হবে। এ জন্য আমরা কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেও বলেছি।”

এক প্রশ্নের জবাবে মেনন বলেন, “আমরা কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো সময় বেঁধে দেইনি। তাদের বলেছি, কমিশনই নির্বাচনের সময়সীমা ঘোষণা করুক।”

তিনি জানান, নির্বাচন কমিশন তাদের বলেছে, আইন সংস্কারের পর তারা ছবিসহ ভোটার তালিকার কাজে হাত দেবে। এই কাজ শেষ করতে কতো সময় লাগবে তা ঠিক করার পরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক বৃহত্তর সিলেট উন্নয়ন কল্যাণ পরিষদ রোববার সকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের ভোটারধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।