২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এপ্রিলে আলোচনায় বসবে নির্বাচন কমিশন

নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে আগামী মাসে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কমিশন সচিব মুহাম্মদ হুমায়ূন কবির বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “জুলাইয়ের মধ্যেই কমিশন নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) সংস্কারের কাজ শেষ করতে চায়। এর আগে খসড়া সংস্কার আইন নিয়ে এপ্রিলের শেষে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া আন্তঃমন্ত্রণালয় সভা করে পরামর্শ নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের। এরপর অনুমোদনের জন্য খসড়াটির একটি সার সংক্ষেপ পাঠানো হবে প্রধান উপদেষ্টার কাছে।”

এক প্রশ্নের জবাবে সচিব হুমায়ুন কবির বলেন, “অবশ্য ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞার কারণে কেনো প্রতিবন্ধকতা থাকলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে দেরি হতে পারে।’’

তিনি জানান, আগস্টে মাঠ পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরুর জন্য কমিশন একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করছে। ডাটা বেইজে ভোটার তালিকা হবে বলে আরও তথ্য যোগ করে একই সময়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করা হবে। এজন্য সেনা বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হলেও এর নেতৃত্ব দেবে নির্বাচন কমিশন।

এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টিএম শামসুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, মাঠ পর্যায়ে ভোটার তালিকার কাজ শুরু করতে দেরি হবে। কারণ প্রকল্প প্রস্তাব পরামর্শক নিয়োগ, লোকবল নিয়োগ -- এসব কাজ শেষ করতে আরো চার/পাঁচ মাস সময় লাগবে।