২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে নির্বাচন চায় বিএনপি

বিএনপি আগামী জুলাই মাসে সংসদ নির্বাচন চেয়েছে। রোববার বিকেলে বিএনপির সহ সভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সাথে সাক্ষাৎ করে এ কথা বলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী ও এ এইচ এম মোফাজ্জল করিম এবং যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানও ছিলেন এ প্রতিনিধি দলে।

নতুন নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির কোনো প্রতিনিধি দলের এটিই প্রথম সাক্ষাৎ। আর বিএনপি আনুষ্ঠানিকভাবে  এই প্রথম  নির্বাচন কমিশনের কাছে  নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব উত্থাপন করলো।

অন্যদিকে এর আগে আওয়ামী লীগ জুনের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছে।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর কমিশনের উচিত ছয় মাসের মধ্যে নির্বাচন করা। আগামী জুলাই মাসে নির্বাচন আমরা দাবি করিনি; এটি আমাদের আশাবাদ। আমরা চাই, এই সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে।”

পুনর্গঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা আছে --- এ কথা জানিয়ে তিনি বলেন, “সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার দায়িত্ব কমিশনের। সরকার তাদের সহযোগিতা করবে মাত্র। এছাড়া ১২৩ এর ৩ উপধারাতেও কমিশনের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা। তাই আমরা কমিশনকে অনুরোধ করেছি, তারা কখন নির্বাচন করবে, এ সম্পর্কে তারা যেনো একটা রোড ম্যাপ বা টাইম ফ্রেম আমাদের জানায়।”

এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, “কমিশন আমাদের জানিয়েছে, নির্বাচনের আগে একটি নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। ছবিসহ ভোটার তালিকাও হতে পারে। এ জন্য নির্বাচন অনুষ্ঠানে একটু সময় লাগবে। এছাড়া তারা এখন নির্বাচনী আইনগুলো সংস্কারের কাজে হাত দিয়েছে। এরপর তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আইন সংস্কার শেষে কমিশন আগামী দু -- তিন সপ্তাহের মধ্যে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সূচি জানাবে বলে আমাদের জানিয়েছে।”

ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র বা স্বচ্ছ ব্যালট বাক্সের প্রশ্নে তিনি বলেন, “এ সব বিষয়ে আমরা কোনো দাবি করিনি। আইন সংস্কারের পরে কমিশন যখন রাজনৈতিক দলগুলোকে ডাকবে, তখন আমরা এসব বিষয়ে আমাদের মতামত জানাবো।”

শনিবারই  আওয়ামী  লীগ সভানেত্রী  শেখ  হাসিনা  ছবিসহ  ভোটার তালিকা, ভোটার পরিচয় পত্র এবং  স্বচ্ছ  ব্যালট বাক্সসহ জুন মাসের  মধ্যে নির্বাচন করার  দাবি  জানান। এর আগে বুধবার  আওয়ামী লীগের  একটি প্রতিনিধি  দলও সিইসির কাছে  একই  দাবি জানিয়েছিল।