পাঁচ বছরে ২০ কোটি ডলার সহযোগিতা দেবে ডেনমার্ক
আগামী পাঁচ বছরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ২০ কোটি ডলারের সহযোগিতা দেবে ডেনমার্ক।
ঢাকায় ডেনিশ রাষ্ট্রদূত আইনার হোবেগার্ড ইয়েনসেন মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ডেনমার্ক থেকে স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের বিষয়টি কিছুদিন ধরে আলোচিত হচ্ছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা ও ডেনিশ রাষ্ট্রদূত উভয়ই জানিয়েছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোন আলোচনা হয়নি।
ডেনিশ রাষ্ট্রদূত ইয়েনসেন বলেন, “বাংলাদেশ সরকারের কাছ থেকে এ ব্যাপারে এখনো কোন সুনির্দিষ্ট অনুরোধ পাইনি।”
ডেনমার্ক বাংলাদেশকে বিনামূল্যে ব্যালট বাক্স দেবে নাকি বিক্রি করবে জানতে চাইলে তিনি বলেন, “এটি নির্ভর করছে বাংলাদেশের ওপর।”
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করতে তিনি আপারগতা প্রকাশ করেন।
এর আগে সকালে ঢাকায় কাতারের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আব্দুল রহমান আল-আব্দুল্লাহ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে দেখা করেন।
